দায়িত্ব থেকে সরে যেতে পারেন প্রধান জাতীয় নির্বাচক অজিত আগরকর। বুধবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের দল নির্বাচনই হতে পারে তাঁর বেছে নেওয়া শেষ ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের কাছে বার্তা পাঠাতে পারেন প্রাক্তন অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। বুধবার মুম্বইয়ে রয়েছে নির্বাচনী বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত এশিয়ান গেমস খেলতে যাওয়া দলটিকেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য বেছে নেওয়া হবে। আগরকরদের মূল কাজ এক দিনের সিরিজ়ের দল নির্বাচন। আগামী বছর অক্টোবরে রয়েছে এক দিনের বিশ্বকাপ। সেই পর্যন্ত আগরকরকে প্রধান নির্বাচক হিসাবে রেখে দিতে চান বিসিসিআই কর্তাদের একাংশ। কিন্তু আগরকর নিজে আর দায়িত্বে থাকতে চান কিনা, তা নিশ্চিত নয়।
আগামী ৪ অক্টোবর আগরকরের মেয়াদ শেষ হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এখনও পর্যন্ত মেয়াদ বৃদ্ধি নিয়ে আগরকরের সঙ্গে বিসিসিআইয়ের প্রথম সারির কোনও কর্তা কথা বলেননি। যোগাযোগ না করাকেই বিদায়ের ইঙ্গিত বলে মনে করছেন আগরকর। সূত্রের খবর, আগরকর একটি চিঠি তৈরি করে রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল নির্বাচন হয়ে গেলে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়াকে ই-মেল করতে পারেন। তাতে তিন বছর কাজ করার সুযোগ দেওয়ার জন্য বোর্ডকে ধন্যবাদ জানাবেন আগরকর।
বিসিসিআইয়ের প্রথম সারির কোনও কর্তা মেয়াদ বৃদ্ধি নিয়ে আগরকরের সঙ্গে কথা না বললেও তাঁকে সরিয়ে দেওয়া হবে, এমন ইঙ্গিতও কেউ দেননি। বোর্ড সূত্রে খবর, প্রধান নির্বাচক হিসাবে আগরকরের ভবিষ্যৎ নির্ভর করছে শীর্ষ কর্তাদের উপর। গত কয়েক মাসে দল নির্বাচন নিয়ে একাধিক বিতর্ক তৈরি হওয়ায় খুশি নন কর্তারা। বিশেষ করে গত ইংল্যান্ড সফরের সময় রোহিত শর্মার অবসর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বিরক্ত হয়েছিলেন শইকীয়ারা। এমন কোনও সিদ্ধান্ত নিতে আগরকরকে বারন করা হয়। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করতে হয় শইকীয়াকে।
আরও পড়ুন:
আগামী এক দিনের বিশ্বকাপের আগে এমন পরিস্থিতি বা বিতর্ক আবার তৈরি হোক, তা চাইছেন না বোর্ড কর্তারা। তাই ধীরে চলো নীতি নিয়েছেন তাঁরা। আগরকর কী চাইছেন, তা বুঝতে চান কর্তারা। আগরকরের মনোভাব বুঝে সিদ্ধান্ত নিতে চান কর্তারা। অন্য দিকে, চলতি মেয়াদের মধ্যে আর কোনও ভারতীয় দল নির্বাচনের সুযোগ নেই আগরকরের। তাই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল বেছে নেওয়ার পর বোর্ডকে ধন্যবাদ দিতে চান তিনি।