এ বছরের জুলাইয়ে সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। নিয়মিত ছবি দেওয়াও শুরু করেছেন। তার পর থেকেই ধারাবাহিক ভাবে আক্রমণ করা হচ্ছে অর্শদীপ সিংহের বান্ধবী সামরিন কৌরকে। সেই সমালোচনার জবাব দিয়েছেন সামরিন। জানিয়েছেন, এ বার থেকে যাঁরাই তাঁর সমালোচনা করবেন তাঁদেরই ‘ব্লক’ করে দেবেন যাতে নেতিবাচকতা আটকানো যায়।
লম্বা এক বার্তায় নেতিবাচক মন্তব্যের বিরোধিতা করে সামরিন লিখেছেন, “যত বিশ্বকে দেখছি তত বুঝতে পারছি সমাজমাধ্যমে কত স্বার্থপর মানুষ রয়েছেন। যদি নিজের সম্পর্ককে লুকিয়ে রাখেন তা হলে ধরা হবে তাঁকে নিয়ে আপনি গর্বিত নন। যদি ভালবাসার প্রকাশ করেন তা হলে ধরা হবে খ্যাতির জন্য করছেন। আপনার সম্মান থাকলে স্বার্থপর হবেন। যদি সত্যি করে কাউকে তার মতোই ভালবাসেন, তা হলে এক দিন ঠিকই তাকে ছেড়ে চলে যাবেন।”
সামরিন আরও লিখেছেন, “১৭ বছর বয়স থেকে কাজ করছি। আর্থিক এবং পেশাদার ভাবে নিজের খেয়াল রাখছি। ২০টা দেশে ভ্রমণ করেছি। সম্পর্ক এবং সম্পর্ক ছাড়া হাসিখুশি জীবনযাপন করছি। ঈশ্বর আমাকে সব দিক থেকে আশীর্বাদ করেছেন যাতে নিজের ভ্রমণ এবং জীবনযাপনের খরচা নিজেই টানতে পারি। আমি ভাগ্যবান যে এমন একটা মানুষকে পেয়েছি যার সঙ্গে আগে পরিচয় হলে ভাল হতে। যে সব দিক থেকে আমার খেয়াল রাখে এবং কোনও ব্যাখ্যা চায় না।”
আরও পড়ুন:
সামরিন জানিয়েছেন, তিনি নিজের ব্যাপারে এবং অর্শদীপের ব্যাপারে আরও পোস্ট করবেন। কারও দেখতে ভাল না লাগলে তিনি পেজ ছেড়ে চলে যেতে পারেন। একজন মহিলা আর একজন মহিলাকে টেনে নামাচ্ছেন এটা দেখে তিনি ক্লান্ত। আর অদরকারি মতামত, অনুমান এবং নেতিবাচকতা মেনে নিতে চান না।