শনিবার মোহনবাগান বনাম পঞ্জাব ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। দর্শকাসন থেকে দলের জয়ের হ্যাটট্রিক দেখেছেন। তার পরের দিনই মোহনবাগান সমর্থকদের দীপাবলির উপহার দিলেন সঞ্জীব গোয়েন্কা। মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার ঘোষণা করেছেন, আসন্ন ওড়িশা এফসি ম্যাচে প্রত্যেক সমর্থক দু’টি করে টিকিট বিনামূল্যে পাবেন। আগামী ৫ নভেম্বর রয়েছে ম্যাচ।
এ দিন মোহনবাগানের সমাজমাধ্যমে গোয়েন্কার একটি বার্তা পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে, “দীপাবলি হল আনন্দ, খুশি ছড়ানোর উৎসব। এই উৎসবে সম্পর্কের বন্ধনগুলোকে নতুন করে উদ্যাপন করা হয়। উৎসবের এই মরসুমে আমরা প্রিয় সমর্থকদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। প্রত্যেক সমর্থক ওড়িশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচের দু’টি করে টিকিট বিনামূল্যে পাবেন। সমর্থকরাই মোহনবাগানের চালিকাশক্তি। ক্লাবের প্রতি আপনাদের আবেগ, আনুগত্য ও ভালবাসা আমাদের প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। উৎসবের আবহে চলুন আমরা আবার একত্রিত হই। আমাদের ঘরের মাঠকে সবুজ-মেরুন রঙে রাঙিয়ে তুলি। পরের ম্যাচটাকে আমরা স্মরণীয় করে রাখব। আপনাকে ও আপনার প্রিয়জনদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই!”
উল্লেখ্য, গত মরসুমেও ওড়িশার বিরুদ্ধে হোম ম্যাচে বিনামূল্যে দু’টি টিকিট দেওয়া হয়েছিল। এ বছরের মার্চে দোলযাত্রা ও আন্তর্জাতিক নারী দিবসে সমর্থকদের এই উপহার দিয়েছিলেন গোয়েন্কা।
আরও পড়ুন:
আইএসএলে নর্থইস্টের কাছে প্রথম ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। পর পর তিনটি ম্যাচ জিতেছে তারা। তবে দলের গোলনষ্টের প্রবণতা এখনও চিন্তায় রাখছে কোচ পানাজিয়োটিস দিমপেরিসকে।