এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলছে ভারত। কিন্তু নিউ জ়িল্যান্ড সিরিজ় নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। দল পরিচালন সমিতি ভাবছে, টেস্ট সিরিজ়ে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলানো যায় কি না। তা হলে লাল বলের প্রস্তুতি হয়ে যেতে পারে। ফলে সব ঠিক থাকলে শুভমন গিল, কেএল রাহুলদের রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে। এমনই খবর ‘টাইমস অফ ইন্ডিয়া’র।
গুয়াহাটিতে দ্বিতীয় এ দিনের ম্যাচের আগে অজিত আগরকর ছাড়া নির্বাচকদের কমিটির বাকি চার সদস্য একত্রিত হয়েছিলেন। সেখানেই এ রকম ভাবনাচিন্তা হয়েছে। সকলেই রাজি হয়েছেন যে, টেস্ট সিরিজ়ে থাকা ক্রিকেটারদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। ১১ অক্টোবর থেকে শুরু রঞ্জি ট্রফি। ফলে শুভমনেরা অন্তত দু’টি ম্যাচ খেলে প্রস্তুত হতে পারবেন।
এক কর্তা বলেছেন, “চিকিৎসক দলের ছাড়পত্রের উপরে নির্ভর করছে ওরা কতগুলো ম্যাচ খেলতে পারব। ধকল নিয়ন্ত্রণের কথা মাথায় রাখতে হচ্ছে। কিছু কিছু ক্রিকেটার দুটো ফরম্যাটেই রয়েছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু খেলা নিয়ে কোনও আপস করা হবে না। অধিনায়ক-সহ সব সিনিয়র ক্রিকেটারকেই অন্তত একটি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে হবে।”
জসপ্রীত বুমরাহকে নিয়ে দোলাচল রয়েছে। কেউ কেউ চান তিনি লাল বলের ক্রিকেট খেলুন। সে ক্ষেত্রে গুজরাতের হয়ে একটি রঞ্জি ম্যাচ বা ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে পারেন। আপাতত টি-টোয়েন্টি দলের অনেক ম্যাচ থাকার কারণে বুমরাহ সময়ও পাবেন। কিন্তু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ৪ নভেম্বর। বুমরাহ সেই দলেও রয়েছেন। ফলে দল তাঁকে নিয়ে কী ভাবছে তা আগামী কয়েক দিনে স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন:
-
পদ হারানো নিশ্চিত পাকিস্তানের নকভির! সমর্থন নেই তিন দেশের, এশীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে বসার দৌড়ে বাংলাদেশের তামিম
-
সোনার সকাল! চিনকে হারিয়ে পুরুষদের দলগত তিরন্দাজির ফাইনালেও জয়ী ভারত, বুধবার এল ৪টি স্বর্ণপদক, ৩টিই তির ছুড়ে
-
ভারতের ঘরে আরও এক সোনা, শুটিংয়ে মিক্সড ট্র্যাপ ইভেন্টে জিতলেন নীরু-কিনান, বক্সিংয়ের ফাইনালে লভলিনা
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জোরে বোলারদের বিভাগ মোটামুটি তৈরি। বুমরাহ ছাড়াও থাকছেন মহম্মদ সিরাজ, গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ, আকিব নবি এবং আকাশ দীপ। তাঁদেরও ঘরোয়া ক্রিকেটে খেলতে হতে পারে।