Advertisement
E-Paper

১০ দিন পরেই শেষ আগরকরের মেয়াদ, জানিয়ে দিল ভারতীয় বোর্ড! নতুন নির্বাচক প্রধান নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল তা-ও

অজিত আগরকর সরে যাওয়ার পর বিজ্ঞপ্তি দেবে ভারতীয় বোর্ড। তার পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দৌড়ে রয়েছেন পার্থিব পটেল, রুদ্রপ্রতাপ সিংহের মতো প্রাক্তন ক্রিকেটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৩
cricket

অজিত আগরকর। —ফাইল চিত্র।

ভারতের প্রধান নির্বাচক পদে যে অজিত আগরকর আর থাকছেন না, তা নিশ্চিত। কিন্তু তাঁর পরে কে সেই পদে বসবেন? ইতিমধ্যেই কয়েকটি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কবে নতুন প্রধান নির্বাচকের নাম বাছা হবে, তা জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া।

৪ অক্টোবর আগরকরের তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে। তিনি আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, চুক্তি আর বাড়াতে চান না। এই প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে শইকীয়া বলেন, “আগরকরের চুক্তি ৪ অক্টোবর শেষ হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত সময় রয়েছে।”

আগরকরের মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন প্রধান নির্বাচকের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছেন শইকীয়া। তিনি বলেন, “৪ অক্টোবরের পরেই প্রধান নির্বাচকের ফাঁকা জায়গা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিলে সেটা জানিয়ে দেওয়া হবে।”

২০২৩-এর জুলাইয়ে প্রধান নির্বাচক হন আগরকর। দায়িত্বকালে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। হার্দিক পাণ্ড্যকে সরিয়ে সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টির অধিনায়ক করার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল। একই ভাবে এক দিনের ক্রিকেটে রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও প্রধান ভূমিকা ছিল। তেমনই এ বছর শ্রেয়স আয়ারকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে তাঁর ইচ্ছাতেই।

তবে বিতর্কও রয়েছে। সম্প্রতি ভারতের দল পরিচালন সমিতির সঙ্গে নির্বাচক কমিটির খটাখটি লেগেছে। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে ক্রিকেটারদের চোট নিয়ন্ত্রণ নিয়েও বিতর্ক হয়েছে। রোহিতের অবসর নিয়ে প্রধান নির্বাচকের কথারই উল্টো সুর গেয়েছেন বোর্ড সচিব। ফলে আগরকর যে পদে থাকবেন না এটা আগেই বোঝা গিয়েছিল।

আগরকর সরে যাওয়ার পর প্রধান নির্বাচকের পদের জন্য বিজ্ঞপ্তি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। নতুন পদের দৌড়ে রয়েছেন পার্থিব পটেল, রুদ্রপ্রতাপ সিংহের মতো প্রাক্তন ক্রিকেটার।

Ajit Agarkar BCCI Devajit Saikia India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy