ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন গিলকে ভাগ্যবান বলে মনে করেন গৌতম গম্ভীর। দলের প্রধান কোচের মতে, দুই অভিজ্ঞ ক্রিকেটার থাকায় শুভমনের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল।
‘জিয়োস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “আমি বলব, এক দিনের ক্রিকেটে শুভমন খুব ভাগ্যবান। কারণ, ও অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো দু’জনকে পাশে পেয়েছে। ওরা থাকায় শুভমনের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে।”
টেস্টে কোহলি ও রোহিত অবসর নেওয়ার পর অধিনায়ক করা হয়েছিল শুভমনকে। কিন্তু এক দিনের ক্রিকেটে রোহিত, কোহলি রয়েছেন। তাঁরা থাকতে থাকতেই অধিনায়ক হয়েছেন শুভমন। তার পরে মাঠে অনেক সময় দেখা গিয়েছে, রোহিত ও কোহলি শুভমনকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করছেন।
আরও পড়ুন:
অধিনায়ক হিসাবে ১২টি এক দিনের ম্যাচের মধ্যে ছ’টি জিতেছেন শুভমন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউ জ়়িল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে তাঁকে। তবে এই কঠিন সময় কেটে যাবে বলে মনে করেন গম্ভীর। তাঁর মতে, শুভমনকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। গম্ভীর বলেন, “ভারতীয় দল থেকে কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। বিশেষ করে তরুণ অধিনায়ক হলে কাজটা আরও কঠিন হয়ে যায়। শুভমন ভাল করছে। এখন সময়টা একটু কঠিন। কিন্তু আমি জানি, এই সময় কেটে যাবে। শুভমন দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
সামনেই ওয়েস্ট ইন্ডিজ় ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। আগামী বছর এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন গম্ভীর। রোহিত ও কোহলি হয়তো আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত খেলবেন। তার আগে যে কয়েকটি ম্যাচ ভারত পাবে, তা জিততে চাইবে। সেই লক্ষ্যেই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শুরু করতে চাইবেন শুভমন। তার আগে কোচকে পাশে পেলেন তিনি।