Advertisement
E-Paper

ছাংতের হ্যাটট্রিক! শ্রীনিধিকে ৬ গোল দিয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের, কলকাতা লিগের ট্রফি পেল সবুজ-মেরুন

এই ম্যাচ দেখতে মোহনবাগান মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। খেলা শেষে মোহনবাগানের ফুটবলারদের হাতে কলকাতা লিগের ট্রফি তুলে দেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫
football

মোহনবাগানের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের হাতে কলকাতা লিগের ট্রফি তুলে দিচ্ছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ছবি: সংগৃহীত।

জয় দিয়ে আইএফএ শিল্ড শুরু করল মোহনবাগান। ঘরের মাঠে শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে হারাল তারা। হ্যাটট্রিক করেছেন লালিয়ানজুয়ালা ছাংতে। একটি করে গোল করেছেন অভিষেক সূর্যবংশী, সন্দীপ মালিক ও লি আরউইন। মোহনবাগানের জার্সিতে অভিষেকেই গোল করলেন স্কটল্যান্ডের বিদেশি স্ট্রাইকার।

শ্রীনিধিতে প্রিতম কোটাল, প্রণয় হালদার, নিশু কুমারের মতো কলকাতায় খেলা ফুটবলারেরা ছিলেন। তার পরেও শুরু থেকে আক্রমণের ঝড় তোলে বাগান। তার ফলও পায় তারা। ৮ মিনিটে প্রথম গোল করেন অভিষেক। আলবের্তো রদ্রিগেজ়ের পায়ে আক্রমণ শুরু হয়। বক্সে বল নিয়ে ঢোকেন জেমি ম্যাকলারেন। তিনি বল বাড়ান অভিষেকের দিকে। গোল করতে ভুল করেননি অভিষেক।

এই ম্যাচে আলবের্তো ও ম্যাকলারেনের পাশাপাশি শুরু থেকে মিগুয়েল ফিগুয়েরা ও দেজান দ্রাজিচকে খেলান মোহনবাগান কোচ পানাজিয়োটিস দিমপেরিস। রক্ষণে তিন ফুটবলার রেখে দল সাজিয়েছিলেন তিনি।

১৫ মিনিটে আরও একটি সুযোগ পায় বাগান। ছাংতের ক্রসে ভাল শট মারেন মিগুয়েল। কিন্তু গোলের মধ্যে বল রাখতে পারেননি তিনি। লিস্টন, মিগুয়েল, ম্যাকলারেনদের পায়ে বার বার আক্রমণে উঠছিল সবুজ-মেরুন।

তার মাঝেই প্রতিআক্রমণে গোল প্রায় করে ফেলেছিল শ্রীনিধি। ২৪ মিনিটের মাথায় বাঁ পায়ে শট মারেন ডেভিড কাস্টানেডা। কিন্তু বিশাল কাইথকে পরাস্ত করতে পারেননি তিনি।

সুযোগ নষ্টের খেসারত দিতে হয় শ্রীনিধিকে। ৪৪ মিনিটে বাগানের হয়ে ব্যবধান বাড়ান ছাংতে। কোলাসোর কাছ থেকে বল পান মিগুয়েল। তিনি বল বাড়ান ছাংতেকে। গোল করতে ভুল করেননি এই ভারতীয় ফুটবলার। বাগানের জার্সিতে এটি ছাংতের প্রথম গোল। সেই ম্যাচেই হ্যাটট্রিক করলেন তিনি।

বিরতির পর ৫২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ছাংতে। ম্যাকলারেনের পাস থেকে গোল করেন তিনি। নিজের স্বাভাবিক জায়গায় খেলা শুরু করার পর ভয়ঙ্কর দেখিয়েছে তাঁকে। ধীরে ধীরে পুরো সুস্থ হয়ে উঠেছেন। এই ম্যাচে তাঁকে থামাকে হিমশিম খেয়েছে শ্রীনিধির রক্ষণ।

৫ মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ছাংতে। কোলাসোর শট বাঁচিয়ে দিয়েছিলেন শ্রীনিধির গোলরক্ষক কমলজিৎ সিংহ। ফিরতি বলে গোল করেন ছাংতে। সেখান থেকে ফেরার সুযোগ শ্রীনিধির প্রায় ছিল না। কিন্তু বাগান আরও গোল করতে চেয়েছিল। তাদের খেলায় সেটা বোঝা যাচ্ছিল।

৮০ মিনিটের মাথায় বাগানের হয়ে পঞ্চম গোল করেন সন্দীপ। ছাংতের কাছে বল পান কিয়ান নাসিরি। তিনি গোল লক্ষ্য করে শট মারেন। সেই শট কমলজিৎ বাঁচালেও ফিরতি বলে গোল করেন সন্দীপ।

দু’মিনিট পরে আবার গোল বাগানের। এবার ফ্রি কিক থেকে ছাংতের শটে মাথা ছুঁইয়ে গোল করেন পরিবর্ত হিসাবে নামা আরউইন। এবারই মোহনবাগানে যোগ দিয়েছেন এই বিদেশি। প্রথম ম্যাচে গোল করে সমর্থকদের ভরসা দিলেন তিনি। ম্যাচের শেষ দিকে আরউইনের একটি ভাল শট বাঁচান কমলজিৎ। নইলে দ্বিতীয় গোল হয়ে যেত বাগানের বিদেশির।

এই ম্যাচ দেখতে মোহনবাগান মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। খেলা শেষে মোহনবাগানের ফুটবলারদের হাতে কলকাতা লিগের ট্রফি তুলে দেন তিনি। আট বছর পর কলকাতা লিগ জিতেছে বাগান। সেই ট্রফি নিয়ে উল্লাসে মাতেন সবুজ-মেরুন ফুটবলারেরা।

Mohun Bagan ifa shield Lallianzuala Chhangte

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy