Advertisement
E-Paper

অবশেষে এশিয়ান গেমসে পদক মীরাবাই চানুর, রুপো জিতে ভারতের ২৮ বছরের খরা কাটালেন মণিপুরের ভারোত্তোলক

অবশেষে এশিয়ান গেমসে পদক জিতলেন মীরাবাই চানু। বুধবার রুপো পেলেন তিনি। ভারোত্তোলনে ভারতের ২৮ বছরের খরা কাটল। শেষ বার ভারোত্তোলনে পদক পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৬
sports

রুপোজয়ী চানুর সঙ্গে বাংলার অলিম্পিক্স সংস্থার সভাপতি চন্দন রায়চৌধুরি। ছবি: পিটিআই।

নিজের ট্রফি ক্যাবিনেটে আরও একটি পদক যোগ করলেন মীরাবাই চানু। যে পদকের জন্য এত দিন প্রচুর পরিশ্রম করেছেন তা অবশেষে এল বুধবার। এশিয়ান গেমসে রুপো পেলেন তিনি। ভারোত্তোলনে ভারতের ২৮ বছরের খরা কাটল। শেষ বার এশিয়ান গেমসে ভারোত্তোলনে পদক পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী। ১৯৯৮-এ ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

৪৯ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন চানু। তিনি ১৯৮ কেজি ওজন তুলে রুপো পেয়েছেন। স্ন্যাচে ৮৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১১১ কেজি ওজন তুলেছেন। সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গাম। তিনি টানা তিন বার এশিয়াডে সোনা জিতলেন। ২১৫ কেজি ওজন তুলেছেন তিনি।

রুপো পেয়ে চানু বলেন, “এশিয়ান গেমসে পদক জিতে স্বপ্ন সত্যি হল। গত ১২ বছর ধরে, ২০১৪ এশিয়ান গেমস থেকে এই প্রতিযোগিতায় পদক পাওয়ার চেষ্টা করছিলাম। এ বার জীবনের বৃত্ত সম্পূর্ণ হল। খুব হালকা লাগছে। স্বপ্নের এশিয়ান গেমস গেল।”

এশিয়ান গেমসে রুপো ছাড়াও অলিম্পিক্সে রুপো, সোনা-সহ তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক, কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক পদক রয়েছে। তবে চেষ্টা করেও এত দিন এশিয়ান গেমসে পদক জিততে পারেননি। ২০১৪-য় নবম স্থানে শেষ করেন। ২০১৮-য় চোটে খেলতে পারেননি। ২০২৩-এ চতুর্থ হন।

চানু আরও বলেন, “ভারোত্তোলন শুরু করার পর থেকে এশিয়ান গেমসে পদক জেতার স্বপ্ন দেখে এসেছি। কিন্তু আগে বার বার এশিয়ান গেমসের আগে কিছু না কিছু হয়েছে। এ বার স্বপ্ন সত্যি হল।”

গত কয়েক মাসে নাগাড়ে পরিশ্রম করেছেন তিনি। এ বার কি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পদক জিতবেন? চানুর উত্তর, “এখনও কোনও পরিকল্পনা করিনি। ডিসেম্বরে যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে। আপাতত এই পদক জয় উপভোগ করছি। অলিম্পিক্স নিয়ে পরে ভাবব।” চানুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Mirabai Chanu Asian Games 2026 Weightlifting

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy