Advertisement
E-Paper

আয়ুষ্মান খুরানার কিনে দেওয়া রাইফেল নিয়ে এশীয় মঞ্চে একাধিক পদক শুটারের, অভিনেতা বদলে দিয়েছেন মেঘনার জীবন

প্রকাশ্যে এল আয়ুষ্মান খুরানার অন্য একটি দিক। ভারতের এক প্রতিভাবান শুটারকে রাইফেল কিনে দিয়েছেন তিনি। সেই শুটার নিজেই সমাজমাধ্যমে তা পোস্ট করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১
sports

আয়ুষ্মানের সঙ্গে মেঘনা। ছবি: সমাজমাধ্যম।

তিনি অভিনয় জগতের মানুষ। খেলাধুলোর প্রতি ঝোঁক রয়েছে এমন আগে কখনও শোনা যায়নি। সেই আয়ুষ্মান খুরানার অন্য একটি দিক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভারতের এক প্রতিভাবান শুটারকে রাইফেল কিনে দিয়েছেন তিনি। সেই শুটার নিজেই সমাজমাধ্যমে তা পোস্ট করেছেন। ওই শুটারের সঙ্গে দেখাও করেছেন আয়ুষ্মান।

মেঘনা সজ্জনার সম্প্রতি দিল্লিতে হওয়া এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে সোনা এবং ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছেন। অতীতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দু’টি ব্রোঞ্জ পদক রয়েছে তাঁর। তিনিই বর্ণনা করেছেন, কী ভাবে আয়ুষ্মান তাঁকে রাইফেল কিনে দিতে সাহায্য করেছেন।

আয়ুষ্মানের সঙ্গে নিজের ছবি দিয়ে সমাজমাধ্যমে মেঘনা লিখেছেন, “আমাদের খেলায় খেয়াল রাখতে হয়, কী অস্ত্র নিয়ে খেলতে নেমেছি। এক বছর আগে চেষ্টা করছিলাম, কী করে নিজেকে সেরা জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু বার বার ধাক্কা খাচ্ছিলাম বিশ্বমানের সরঞ্জাম না থাকায়। তার পর একটা প্রতিবেদনই আমার জীবন বদলে দিল।”

মেঘনার সংযোজন, “আয়ুষ্মান খুরানা আমার জীবনের গল্প পড়েছিলেন এবং হঠাৎ করেই আমার স্পনসর হতে এগিয়ে এসেছিলেন। আমাকে রাইফেল কিনে দিয়েছিলেন। চিনতেনও না। কখনও দেখাও হয়নি। উনি শুধু চেয়েছিলেন বিশ্বমঞ্চে একজন ভারতীয় ক্রীড়াবিদ জিতুক। ওই রাইফেলই আমার জীবন বদলে দিল। বিশ্বের সেরাদের সঙ্গে টক্কর দিতে পেরেছি এবং অনেক কিছু অর্জন করতে পেরেছি। আজ অবশেষে সেই মানুষটার সঙ্গে দেখা হল যিনি নিঃশব্দে আমার স্বপ্নপূরণে সাহায্য করেছেন, ঠিক যখন আমার সেটা দরকার ছিল। কোনও হইচই নেই, শুধু চেয়েছিলেন দেশের খেলাধুলোয় নিজের মতো করে অবদান রাখতে। ওঁর আরও শক্তি কামনা করি।”

Ayushmann Khurrana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy