Advertisement
E-Paper

এশিয়ান গেমসে হতাশ করলেন মনু, ১০ মিটার এয়ার পিস্তলে পদকই পেলেন না ভারতীয় শুটার, বুধবার তিন ব্রোঞ্জ ভারতের

অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেও এশিয়ান গেমসে সেই ইভেন্ট থেকেই খালি হাতে ফিরছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেছেন মনু। স্কিট এবং সফ্‌ট টেনিস থেকে এ দিন সকালে তিনটি ব্রোঞ্জ এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪
sports

হতাশ মনু ভাকের। ছবি: পিটিআই।

অলিম্পিক্সে যে ইভেন্টে পদক জিতেছিলেন, এশিয়ান গেমসে সেই ইভেন্ট থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে মনু ভাকেরকে। বুধবার ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেছেন মনু। ফলে পদক পাচ্ছেন না। মহিলা দল অল্পের জন্য ব্রোঞ্জ পায়নি। তবে স্কিট এবং সফ্‌ট টেনিস থেকে এ দিন সকালে তিনটি ব্রোঞ্জ এসেছে।

বুধবার সকালে এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করেন মনু। ৫৭৯ পয়েন্ট স্কোর করেন তিনি। এই বিভাগে ছিলেন এষা সিংহ এবং সুরুচি সিংহও। এষা ৫৭২ স্কোর করে ১৫তম স্থানে শেষ করেন। সুরুচি ২৬তম স্থানে শেষ করেন ৫৬৮ স্কোরে। কেউই ফাইনালে উঠতে পারেননি।

ফাইনালে ১৮তম শটের পরে ছিটকে যান মনু। তখন তাঁর স্কোর ছিল ১৮১.১। ১৮তম শটের পরেই পরিষ্কার হয়ে যায় যে প্রথম তিনে শেষ করার সম্ভাবনা নেই মনুর। এই বিভাগে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার চু গিউন। রুপো এবং ব্রোঞ্জ চিনের শুটারের। এখনও পর্যন্ত শুটিংয়ে চারটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছে ভারত। সোনা এখনও আসেনি। মনু এ বার নামবেন ২৫ মিটার এয়ার পিস্তলে। গত বার এই বিভাগে সোনা জিতেছিলেন তিনি।

এ দিকে, শুটিংয়ের স্কিট ইভেন্টে ভারতের মহিলা দলের রাইজা ধিলোঁ, মাহেশ্বরী চৌহান এবং পরিনাজ ধালিওয়াল তৃতীয় স্থানে শেষ করেন ৩৩১ স্কোর করে। চিন (৩৫৭) এবং কাজাখস্তান (৩৩৬) ভারতের আগে শেষ করেছে। পুরুষ বিভাগে অনন্তজিৎ সিংহ নারুকা, মৈরাজ আহমেদ খান এবং ভাবতেগ সিংহ গিল ৩৪৬ স্কোর করেন।

সফ্‌ট টেনিসে জয় মিনা ব্রোঞ্জ জিতেছেন। তিনি সেমিফাইনালে উঠতেই পদক নিশ্চিত হয়ে যায়। সেমিফাইনালে তিনি জাপানের তাকুয়া কুরোসাকার কাছে ২-৪ সেটে হেরে গিয়েছেন। মধ্যপ্রদেশের মিনা অতীতে জাতীয় গেমসে সোনা জিতেছেন। তিনি ফিলিপিন্সের শেরউইন নুগুইতকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। তার আগে পাকিস্তানের আরাইন হুসেনকে ৪-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। গত দু’বারও এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। তবে পদক জেতেননি। এশিয়ান গেমসের সফ্‌ট টেনিসে ভারতকে প্রথম পদক দিলেন তিনি।

অন্যান্য ইভেন্টে, সেপকটাকরোয় ফিলিপিন্সকে ২-১ হারালেও পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। ফেন্সিংয়ে করণ সিংহ গিশো নিধি ব্যক্তিগত স্যাবার ইভেন্টে রাউন্ড অফ ৩২-এ উঠেছেন। রোয়িংয়ে, পুরুষদের ব্যক্তিগত স্কালসের ফাইনালে উঠেছেন বলরাজ সিংহ পানওয়ার। ডাবলস স্কালসের ফাইনালে সতনাম সিংহ এবং সলমন খান। ক্যানো স্প্রিন্টে হর্ষবর্ধন শাক্তওয়াত, বারিন্দর সিংহ, নওচা সিংহ এবং অরুণ সিংহ পুরুষদের ৫০০ মিটার কায়াকের ফাইনালে উঠেছেন।

সাঁতারে বেনেডিক্টন বেনিস্টন এবং সজন প্রকাশ ফাইনালে উঠতে পারেননি। ২০০ মিটার ফ্রিস্টাইল হিটে বেদান্ত মাধবন এবং অনিশ সুনীল ষষ্ঠ ও চতুর্থ স্থানে শেষ করেছেন।

Asian Games 2026 Manu Bhaker

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy