ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে সাত পেসারকে দলে রাখল নিউ জ়িল্যান্ড। বুধবার যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে চোট সারিয়ে ফিরেছেন অ্যাডাম মিলনে। তবে ছিটকে গিয়েছেন রাচিন রবীন্দ্র। ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। ১১ দিনের ব্যবধানে চারটি শহরে পাঁচটি ম্যাচ হবে।
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স হয়েছিল তাদের ১৩ জন রয়েছেন। সেই প্রতিযোগিতায় না খেলা মাইকেল ব্রেসওয়েল এবং মিলনে টি-টোয়েন্টি সিরিজ়ে রয়েছেন। ৩৪ বছরের মিলনে মোট ২৪৩টি টি-টোয়েন্টি খেললেও শেষ বার নিউ জ়িল্যান্ডের হয়ে খেলেছিলেন এক বছর আগে, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। এ ছাড়া পেসারদের মধ্যে রয়েছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জেকব ডাফি, জ়াক ফোকস এবং নেথান স্মিথ।
প্রোমো শুট করতে গিয়ে চোট পাওয়া রবীন্দ্র টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। তাঁর সেরে উঠতে ছয় সপ্তাহ লাগবে। এক দিনের সিরিজ়ে খেলতে পারেন।
বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া ওপেনিং জুটি টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন রয়েছেন দলে। সেমিফাইনালে অ্যালেন ৩৩ বলে শতরান করেছিলেন। সেইফার্ট সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’-এ প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন। দলও ট্রফি জিতেছে। গোড়ালির চোটের জন্য নেওয়া হয়নি পেসার বেন সিয়ার্সকে।
আরও পড়ুন:
কোচ রব ওয়াল্টার বলেছেন, “আমাদের দেশে ভারতকে স্বাগত জানানো দারুণ ব্যাপার হতে চলেছে। ভারত খুব ভাল দল এবং কঠিন প্রতিপক্ষ। তাই ঘরের মাঠে ওদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি।” ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ়ের ৭৬ হাজার টিকিট শেষ হয়ে গিয়েছে। সব মাঠই ভর্তি থাকবে।
ভারতের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ২২ অক্টোবর, ক্রাইস্টচার্চ
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৪ অক্টোবর, ক্রাইস্টচার্চ
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর ওয়েলিংটন
চতুর্থ টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর, অকল্যান্ড
পঞ্চম টি-টোয়েন্টি: ১ নভেম্বর, হ্যামিল্টন
(সব ম্যাচ ভারতীয় সময় দুপুর ১২:৩০ থেকে)