Advertisement
E-Paper

তিন ম্যাচে ৫৬ গোল! এশিয়ান গেমসে তাইল্যান্ডকে ২০-১ গোলে হারাল ভারতের মেয়েরা, দীপিকার রেকর্ড ৯ গোল

পুল বি-তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। শুক্রবার জাপানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারত ছাড়া তারাও এখনও পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিতেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৫
sports

জয়ের পর ভারতের মহিলা হকি দলের উল্লাস। ছবি: এক্স।

এশিয়ান গেমসে গোলের বন্যা বইয়ে দিচ্ছে ভারতের মহিলা দল। উজবেকিস্তানকে ১৯, ইন্দোনেশিয়াকে ১৭ গোল দেওয়ার পর তাইল্যান্ডকে ২০ গোল দিল তারা। একাই ৯ গোল করেছেন দীপিকা সেহরাওয়াত। সব ক’টিই পেনাল্টি কর্নার থেকে। এশিয়ান গেমসের তিন ম্যাচে একাই ২০ গোল করে ফেলেছেন তিনি।

এশিয়ান গেমসে রেকর্ড করেছেন দীপিকা। মহিলাদের হকিতে একটি ম্যাচে কেউ এত গোল করতে পারেননি। উজবেকিস্তানের বিরুদ্ধে ৮ গোল করেছিলেন তিনি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে করেছিলেন ৩ গোল। নবনীত কৌর করেছেন ৪ গোল। ৩ গোল করেছেন রুতুজা পিসাল। ১টি করে গোল করেছেন নেহা গয়াল, লালরেমসিয়ামি, সাক্ষী রানা ও অধিনায়ক সালিমা তেতে। তাইল্যান্ডের হয়ে একমাত্র গোল করেছেন সুপানসা সামানসো।

তাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে ৬ গোল করে ভারত। ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন দীপিকা। ৪ মিনিটের মাথায় ভারতের দ্বিতীয় গোল নবনীতের। ৮ ও ৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দীপিকা। ১০ ও ১১ মিনিটে জোড়া গোল করেন রুতুজা।

দ্বিতীয় কোয়ার্টারে ভারত করে ৫টি গোল। ১৯ মিনিটের মাথায় গোল করেন নেহা। ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন দীপিকা। ২৬ মিনিটে লালরেমসিয়ামি, ২৯ মিনিটে নবনীত ও সাক্ষী গোল করেন।

পরের দুই কোয়ার্টারেও ভারতের গোল করার হার কমেনি। তৃতীয় কোয়ার্টারে ৫ ও চতুর্থ কোয়ার্টারে ৪ গোল দেয় ভারত। ৩৩ মিনিটে দীপিকা, ৩৫ মিনিটে নবনীত, ৩৬ ও ৩৯ মিনিটে দীপিকা, ৪৫ মিনিটে সালিমা, ৪৭ মিনিটে রুতুজা, ৫১ মিনিটে দীপিকা ও নবনীত গোল করেন। ৫৭ মিনিটে ভারতের শেষ গোল করেন দীপিকা। শুরু করেছিলেন তিনি। শেষটাও করেন ভারতের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। ৫৭ মিনিটের মাথায় সুপানসা তাইল্যান্ডের হয়ে একমাত্র গোল করেন।

পুল বি-তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। শুক্রবার জাপানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারত ছাড়া তারাও এখনও পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিতেছে। অর্থাৎ, সেই ম্যাচেই প্রথম সত্যিকারের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভারতের মহিলা হকি দল।

Indian Hockey Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy