আগামী ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ হওয়ার কথা দিল্লিতে। তবে অরুণ জেটলি স্টেডিয়ামে সংস্কারের কাজ চলার জন্য সেই ম্যাচ অহমদাবাদে সরে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা নিয়ে মুখ খুলেছে ভারতীয় বোর্ড।
শ্রীলঙ্কা সিরিজ়ের তৃতীয় এক দিনের ম্যাচ হওয়ার কথা অহমদাবাদে। তবে দিল্লির স্টেডিয়াম সংস্কারের কারণে অহমদাবাদকে বিকল্প মাঠ হিসাবে ভেবে রাখা হয়েছিল। তবে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, এমন জল্পনা মোটেও সত্যি নয়। প্রথম এক দিনের ম্যাচ দিল্লিতেই হবে।
‘পিটিআই’-কে তিনি বলেছেন, “শুনছিলাম ভারত বনাম শ্রীলঙ্কার এক দিনের ম্যাচ দিল্লি থেকে সরে অহমদাবাদে হবে। বোর্ড এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। একটা কথা আবারও বলছি। দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ বোর্ডের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে বিভিন্ন মাঠকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।”
ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে ভারত। ১৩ ডিসেম্বর দিল্লিতে প্রথম এক দিনের ম্যাচ। এর পর ১৬ ডিসেম্বর বেঙ্গালুরু এবং ১৯ ডিসেম্বর অহমদাবাদে ম্যাচ হবে।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ ডিসেম্বর, রাজকোটে। বাকি দু’টি ম্যাচ হবে ২৪ ডিসেম্বর কটক এবং ২৭ ডিসেম্বর পুণেতে।
আপাতত ভারত ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এর পর তারা নিউ জ়িল্যান্ডে গিয়ে তিন ফরম্যাটের সিরিজ খেলবে। সেখান থেকে দেশে ফিরে হবে শ্রীলঙ্কা সিরিজ।