নিউ জ়িল্যান্ড সফর ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে কিউয়িদের বিরুদ্ধে পাঁচটি এক দিনের ম্যাচ, পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে ভারতীয় দল। এই সফরের জন্য জাতীয় নির্বাচকদের ভাবনায় রয়েছেন পাঁচ জন জোরে বোলার। তাঁদের মধ্যে এক জন বাংলার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টই জিততে হবে শুভমন গিলদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় চাপ বেড়েছে ভারতীয় দলের। গুরুত্বপূর্ণ সিরিজ়ের জন্য পাঁচ জন জোরে বোলারকে নিয়ে পরিকল্পনা করছেন গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তালিকায় নেই দলীপ ট্রফিতে ভাল ফর্মে থাকা মহম্মদ শামির নাম। গম্ভীরদের ভাবনায় নেই শ্রীলঙ্কা সফরে যাওয়া রঞ্জি ট্রফির সফলতম জোরে বোলার জম্মু-কাশ্মীরের আকিব নবি দারও।
গম্ভীরদের পরিকল্পনায় রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ এবং গুরনুর ব্রার। বুমরাহ এবং আকাশদীপ এখন চোটের জন্য মাঠের বাইরে। গুরনুরের এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে ঘরোয়া ক্রিকেট এবং ভারত ‘এ’ দলের হয়ে তাঁর পারফরম্যান্স সন্তোষজনক। বৃহস্পতিবার মুম্বইয়ে গম্ভীর, আগরকরদের সঙ্গে বৈঠকে বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। বৈঠকে নিউ জ়িল্যান্ড সফরের পরিকল্পনার কথা জানতে চাইবেন কর্তারা। কোন ক্রিকেটারকে কেন ভাবা হচ্ছে, নিউ জ়িল্যান্ডে তাঁর সফল হওয়ার সম্ভাবনা কেমন— সে সব নিয়ে কর্তারা আলোচনা করবেন কোচ এবং প্রধান নির্বাচকের সঙ্গে। খতিয়ে দেখা হতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ফিটনেস। বিশেষ করে জোরে বোলারদের ফিটনেস নিয়ে চিন্তিত বোর্ড কর্তারা।
নিউ জ়িল্যান্ডের পিচ এবং পরিবেশে স্পিনারদের তুলনায় জোরে বোলারদের সফল হওয়ার সম্ভাবনা বেশি। দু’টেস্টের সিরিজ়ে তাঁরা গুরুত্বপূর্ণ হতে পারেন। তাই দল নির্বাচনের আগে সব কিছু ভাল ভাবে খতিয়ে দেখে নিতে চাইছেন বোর্ড কর্তারা। কারণ গম্ভীরের জমানায় টেস্টে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে তাঁরা উদ্বিগ্ন।