ভারতীয় ক্রিকেট বোর্ডের ওম্বুডস্ম্যানের দায়িত্বে কাটছাঁট করতে চলেছে বোর্ড নিজেই। একটি নতুন নিয়ম আনতে চলেছে বোর্ড। তার ফলে স্থানীয় বা রাজ্যস্তরের বেশ কিছু বিষয়ে চাইলেই হস্তক্ষেপ করতে পারবেন না ওম্বুডস্ম্যান।
জানা গিয়েছে, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে সোচ্চার হন উত্তরপ্রদেশ, কেরলম, বরোডা, পঞ্জাব ও ওড়িশার ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, স্থানীয় বা রাজ্যস্তরের বেশ কিছু ঘটনায় নিজে থেকে হস্তক্ষেপ করেন ওম্বুডস্ম্যান। অথচ এই বিষয়গুলি সংশ্লিষ্ট রাজ্যের ক্রিকেট সংস্থার আওতায় পড়ে।
এই অভিযোগের পরেই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জানা গিয়েছে, ওম্বুডস্ম্যান ঠিক কোন কোন বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন, তার একটি নির্দিষ্ট নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে। তার বাইরে কোনও বিষয়ে ওম্বুডস্ম্যান নাক গলাতে পারবেন না।
আরও পড়ুন:
বোর্ডের বৈঠকে অভিযোগকারী ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা আরও জানান, ওম্বুডস্ম্যানের হস্তক্ষেপের পর সেই সংক্রান্ত আইনি বিষয় মেটাতে অযথা অনেক বেশি খরচ করতে হয় তাঁদের। এতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলির আর্থিক ক্ষতি হচ্ছে। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন নিয়ম আনতে চলেছে তারা।