Advertisement
E-Paper

রোহিত-শুভমনই বোর্ডের পছন্দ! তবু ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের জন্য এক ওপেনারকে তৈরি রাখার পরামর্শ পাঠানের

বোর্ড স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে যে, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে রোহিত শর্মাকেই দেখতে চাইছে তারা। তবু এক ওপেনারকে তৈরি রাখার পরামর্শ দিলেন ইরফান পাঠান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩২
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) ও শুভমন গিল। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের পছন্দ জানিয়ে দিয়েছে। বোর্ড স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে যে, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে রোহিত শর্মাকেই দেখতে চাইছে তারা। তবু এক ওপেনারকে তৈরি রাখার পরামর্শ দিলেন ইরফান পাঠান। তাঁর মতে, যশস্বী জয়সবালকে তৈরি করে রাখা উচিত ভারতের।

সামনেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্য়াচের এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। সেখানে বিকল্প ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন পাঠান। তিনি বলেন, “এটা তো প্রধান দল নয়। বুমরাহ, শ্রেয়স, অক্ষর, ওয়াশিংটনেরা এশিয়ান গেমসের জন্য খেলছে না। বিশ্বকাপের আগে বেশি ম্যাচ পাওয়া যাবে না। এই কয়েকটা ম্যাচের মধ্যেই বেঞ্চকে পরখ করে নিতে হবে।”

পাঠানের মতে, ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় ও এশিয়ান গেমস একসঙ্গে হওয়ায় শাপে বর হয়েছে ভারতের। তিনি বলেন, “দুটো প্রতিযোগিতা একসঙ্গে হওয়ায় ভাল হয়েছে। বাকিরাও সুযোগ পাবে। আমার নজর থাকবে যশস্বীর দিকে। পরের বছর বিশ্বকাপে ও নিশ্চয় বিকল্প ওপেনার হিসাবে থাকবে। কিন্তু যদি ওকে খেলতে হয়, তা হলে তার আগে ওকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। না হলে ও তৈরি থাকবে না। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে সেই সুযোগ রয়েছে।”

কিন্তু এই সিরিজ়ে তো রোহিত ও শুভমনও রয়েছেন। পাঠানের মতে, দলের ব্যাটিং অর্ডারে বদল করেও যশস্বীকে খেলানো যেতে পারে। এমন যেন না হয়, বিশ্বকাপে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় তিনি পেলেন না। পাঠান বলেন, “কী ভাবে ওকে খেলানো যায় সেটা দলকে ভাবতে হবে। তবে আমার মনে হয়, এই সিরিজ়েই ওকে খেলানোর সেরা সুযোগ। ব্যাটিং অর্ডারে বদল করে হতে পারে। যে ভাবেই হোক, এই সিরিজ়ে আমি যশস্বীকে দেখতে চাই।”

পরের বছর দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে এক দিনের বিশ্বকাপ। সেখানকার পিচ উপমহাদেশের থেকে অনেক কঠিন। বিশেষ করে পেসারদের বিরুদ্ধে ব্যাটারদের সমস্যা হতে পারে। তাই বিশ্বকাপে নামার আগে ব্যাটারদের ক্রিজ়ে যতটা সময় সম্ভব কাটানো উচিত। সেই কারণেই যশস্বীকে প্রথম একাদশে দেখতে চাইছেন পাঠান।

India Cricket BCCI Irfan Pathan Rohit Sharma Shubman Gill Yashasvi Jaiswal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy