জার্সি নিয়ে বিতর্কের শেষ হচ্ছে না ভারতীয় হকিতে। এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে পুরুষ ও মহিলাদের দল গেরুয়া জার্সি পরেই খেলেছে। অথচ, কয়েক দিন আগেই ভারতীয় হকি সংস্থার প্রধান দিলীপ তিরকে জানিয়েছিলেন, হকি দলের জার্সির রং গেরুয়া থেকে আবার বদলে নীল করা হবে। তা হলে কেন গেরুয়া জার্সি পরে খেললেন হরমনপ্রীত সিংহ, দীপিকারা?
গত মাসে হকি বিশ্বকাপে প্রথম বার গেরুয়া জার্সি পরে খেলেছিল ভারত। তার পরেই তিরকে জানান, সংস্থার অনুমতি না নিয়েই জার্সি রং বদলে দেওয়া হয়েছে। তাই এশিয়ান গেমসে জার্সির রং আবার বদল করা হবে বলে জানান তিনি।
এমনকি, এশিয়ান গেমস খেলতে ভারতের হকি দল রওনা হওয়ার আগেও জার্সি নিয়ে কথা বলেন তিরকে। তিনি বলেন, “ভারতের অলিম্পিক্স সংস্থা জার্সির রং নিয়ে আমাদের কয়েকটা বিকল্প দিয়েছে। আমরা ঠিক করেছি, প্রথম জার্সির রং হবে নীল। বিকল্প জার্সির রং হবে কমলা।”
আরও পড়ুন:
তার পরেও কেন গেরুয়া জার্সি পরে নামল ভারতীয় দল? হকি সংস্থার এক কর্তা জানিয়েছেন, তিরকে নিজেই এই জার্সি বেছেছেন। তিনি বলেন, “যে দুটো জার্সি বেছে নেওয়া হয়েছে সেটা হল নীল-সাদা এবং গেরুয়া। সভাপতি তিরকে নিজেই তা বেছেছেন। তা হলে তিনি কেন বললেন যে ভারত পুরো নীল রঙের জার্সি পরে খেলবে? এর জবাব তিনিই দিতে পারবেন।”
এই কথা থেকে স্পষ্ট, জার্সির রং নিয়ে দোষারোপের পালা চলছে ভারতীয় হকি সংস্থায়। সভাপতি এক কথা বলছেন। আর এক কর্তা অন্য কথা বলছেন। সত্যিই কি জার্সির রং বদলেছে? ভারতকে কি সত্যিই নীল জার্সি পরে খেলতে দেখা যাবে? নাকি পরের ম্যাচেও দেখা যাবে গেরুয়া জার্সি? তার উত্তর অজানা। সব মিলিয়ে ধোঁয়াশা ভারতীয় হকিতে।