দু’দিন আগেই ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছিলেন, ভবিষ্যতে যাতে ক্রিকেটারেরা বেশি করে বিশ্রাম এবং প্রস্তুতির সময় পান তার চেষ্টা করবেন তাঁরা। শইকীয়ার কথার দু’দিনের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়নের তোড়জোড় শুরু করে দিল বোর্ড। ভবিষ্যতের সূচি সংক্রান্ত বৈঠকে ভারত নিজেদের দাবি জানাবে এ মাসেই।
ক্রিকেটে প্রতিটি দেশের সূচি তৈরি হয় ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপি-র মাধ্যমে। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে সেই কমিটির কর্মশালা রয়েছে। প্রতিটি দেশের প্রতিনিধি সেখানে হাজির থাকবেন। ভারতও প্রতিনিধি পাঠাবে। ২০২৭-২০৩১ চক্রে কী কী ম্যাচ আয়োজিত হবে তার রূপরেখা তৈরি হবে সেই কর্মশালায়। সহযোগী সদস্য দেশগুলির প্রতিনিধিদেরও ডাকা হয়েছে।
সেই কর্মশালাতেই ভারত এমন ভাবে সূচি তৈরির দাবি তুলতে পারে যাতে ক্রিকেটারেরা বাড়তি বিশ্রাম পান। পাশাপাশি ‘সেনা’ (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলির বিরুদ্ধে সিরিজ় হওয়ার আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়ার দাবি জানানো হবে।
২০২৮-এর শুরুতে ইংল্যান্ড আসতে পারে ভারতে। সে বছরেরই শেষের দিকে ভারত যাবে অস্ট্রেলিয়া। ফিরতি সফরও রয়েছে। ২০২৯-এ ভারত যাবে ইংল্যান্ডে। ২০৩১-এ আবার অস্ট্রেলিয়া আসবে এ দেশে।
তার মাঝে আইসিসি প্রতিযোগিতাও রয়েছে। ২০২৮-এ অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ২০২৯-এ ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩০-এ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ২০৩১-এ এক দিনের বিশ্বকাপ হবে ভারতে। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজ় ও সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ় খেলতে যেতে পারে ভারত।
আরও পড়ুন:
এ দিকে, আগামী দিনে দ্বিপাক্ষিক সিরিজ়ের গুরুত্ব কমতে চলেছে। বিশেষ করে এক দিনের ফরম্যাটে। একাধিক দেশের মধ্যে সিরিজ় হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ইদানীং ত্রিদেশীয় ও চতুর্দেশীয় সিরিজ় হয়ই না। তা আবার ফিরতে পারে।
শইকীয়া বলেছিলেন, “সূচিতে এই সমস্যা আমাদের মাথায় রয়েছে। চোটের পর কোনও ক্রিকেটার কী ভাবে মাঠে ফিরবে তার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। আমরা কোচ এবং অধিনায়কের থেকে প্রতিক্রিয়া চেয়েছি যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং সঠিক ভাবে পরিকল্পনা করা যায়। পরের ফিউচার ট্যুরস প্রোগ্রামে আমরা চেষ্টা করব যাতে ক্রিকেটারেরা যথাযথ বিশ্রাম পায়, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং বড় দেশগুলির বিরুদ্ধে সিরিজ়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে।”