প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। ইংল্যান্ডের কাছে পর পর দুই টেস্টের লজ্জার হারের পর পাকিস্তান ক্রিকেটে ডামাডোল শুরু হয়েছে। দল থেকে শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, নিশানায় প্রত্যেকে। চাকরি যেতে পারে পাকিস্তানের টেস্ট দলের কোচ সরফরাজ় আহমেদেরও।
৭০ বছরে জঘন্যতম ক্রিকেট বোর্ড
পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে খেলতে যাওয়ার পর ব্রিটেনের সংবাদমাধ্যম লিখেছিল, ৫০ বছরে জঘন্যতম পাকিস্তান দল। শুধু দল নয়, এর দায় ক্রিকেট বোর্ডেরও নেওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
জিয়ো নিউজ়-কে লতিফ বলেছেন, “সকলে পাকিস্তান ক্রিকেট দলের কথা বলছে। ৫০ বছরে এটা জঘন্যতম ক্রিকেট দল। একদম ঠিক কথা। কিন্তু কেউ তো এখনকার ক্রিকেট বোর্ডের কথা বলছে না। ৭০ বছরে জঘন্যতম ক্রিকেট বোর্ড।”
কেন তিনি বোর্ডের দিকে আঙুল তুলেছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন লতিফ। তিনি বলেন, “কেউ তো বলছে না, এই বোর্ডেরই নির্বাচক কমিটি ও কোচেরাই এই জঘন্য দল বেছে নিয়েছে। তা হলে আসল দায় কাদের। সকলেই জানে, কে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কেউ মুখ খুলবে না। এই দলের জেতার ক্ষমতাই নেই। একের পর এক টেস্ট হারবে।” লতিফের নিশানায় যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, তা স্পষ্ট।
চাকরি যেতে পারে সরফরাজ়ের
ইংল্যান্ডে সিরিজ় হেরে গিয়েছে পাকিস্তান। শেষ টেস্টে হারলে সিরিজ়ে চুনকাম হতে হবে বাবরদের। ফলে চাকরি যেতে পারে পাকিস্তানের বর্তমান টেস্ট কোচ সরফরাজ়ের। বদলে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের কোচ মাইক হেসনকে টেস্ট দলেরও দায়িত্ব দিতে পারে বোর্ড।
জিয়ো নিউজ় জানিয়েছে, ৯ সেপ্টেম্বর থেকে বার্মিংহ্যামে শুরু হতে চলা তৃতীয় টেস্টে হেসনকে পাকিস্তানের সাজঘরে থাকতে বলা হয়েছে। তৃতীয় টেস্টের পরেই তাঁকে দায়িত্ব নিতে হতে পারে। তাই আগে থেকেই দলকে দেখে নিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
ইমরান-বিতর্কে মুখ খুললেন বাবর
লর্ডস টেস্ট চলাকালীন ইমরান খানের দুই পুত্র সুলেমান ও কাসেম খানের সাক্ষাৎকারের পর পাকিস্তান বোর্ড নাকি দল তুলে নেওয়ার হুমকি দিয়েছিল। এই ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে মুখ খুলেছেন টেস্ট দলের অধিনায়ক বাবর। তিনি স্পষ্ট করে দিয়েছেন, দল তুলে নেওয়ার কোনও কথা হয়নি।
বাবর বলেন, “আমি তো এ রকম কোনও কথা শুনিনি। দলের মধ্যে এই বিষয়ে কোনও আলোচনাও হয়নি।” এর আগে দলের কোচ সরফরাজ়ও জানিয়েছিলেন, এই ধরনের কোনও আলোচনা হয়নি। সেই সুরেই কথা বললেন বাবর।
লর্ডস টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ়ের সম্প্রচারকারী স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলে সুলেমান ও কাসেমের সাক্ষাৎকার নেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটন। দুই ভাই এমন কিছু কথা বলেন, যেগুলি পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের পক্ষে অস্বস্তির। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আবার শরিফ মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। স্বভাবতই বিরক্ত হন তিনি। স্কাই স্পোর্টসকে ওই সাক্ষাৎকার সম্প্রচার বন্ধ করতে বলে পিসিবি। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এর পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে যোগাযোগ করেন পিসিবি কর্তারা। সম্প্রচার বন্ধ করা না হলে মধ্যাহ্নভোজের বিরতির পর দল না নামানোর হুঁশিয়ারি দেওয়া হয়। শেষ পর্যন্ত ইসিবি-র মধ্যস্থতায় খেলা শুরু হলেও বিতর্ক মেটেনি। সেই বিষয়েই এবার মুখ খুললেন বাবর।