Advertisement
E-Paper

হরমনপ্রীতদের পুরনো রোগ যাচ্ছেই না! মহিলাদের এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের আগে চিন্তা বাড়ছে ভারতের

তাইল্যান্ডের বিরুদ্ধে ৬৪ রান করেছেন শেফালি বর্মা। ১৯ রান করেছেন স্মৃতি মন্ধানা। অর্থাৎ, দুই ওপেনার ৮৩ রান তুলে দিয়েছেন। তার পরেও ১৫৯ রান করতে পেরেছে ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৭
cricket

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

মহিলাদের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে তাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়েছে ভারত। এত বড় জয়ের পরেও ভারতের চিন্তা বাড়ছে। তার একটাই কারণ। সেই পুরনো রোগ। ভারতের ব্যাটিং এখনও নির্ভর করছে ওপেনারদের উপর। মিডল অর্ডার ভরসা জোগাতে ব্যর্থ।

তাইল্যান্ডের বিরুদ্ধে ৩৬ বলে ৬৪ রান করেছেন শেফালি বর্মা। ১০ বলে ১৯ রান করেছেন স্মৃতি মন্ধানা। অর্থাৎ, দুই ওপেনার মাত্র ৪৬ বলে ৮৩ রান তুলে দিয়েছেন। তার পরেও ১৫৯ রান করতে পেরেছে ভারত। ৪৬ রানে পড়েছে ৮ উইকেট। আরও এক বার ওপেনিং জুটি যে ভিত গড়ে দিয়েছে তা কাজে লাগাতে পারেনি ভারত।

এশিয়া কাপে নেই জেমাইমা রদ্রিগেজ়। ফলে মিডল অর্ডার নির্ভর করছে প্রতীকা রাওয়াল, অধিনায়ক হরমনপ্রীত কৌর ও ভারতী ফুলমালির উপর। ফিনিশারের ভূমিকায় রিচা ঘোষ ও দীপ্তি শর্মা। অথচ, তাইল্যান্ডের বিরুদ্ধে প্রতীকা বাদে বাকি সকলে ব্যর্থ।

কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও হরমনপ্রীতদের এই একই রোগ দেখা যাচ্ছিল। ওপেনারেরা ভাল শুরু দিলেও বড় রান করতে পারছিল না ভারত। তাইল্যান্ডের মতো দেশের বিরুদ্ধে জিততে সমস্য়া না হলেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ছবি দেখা গেলে তার খেসারত দিতে হবে ভারতকে। যেমনটা দিতে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার পরেও সমস্যা মেটেনি।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। এই ম্যাচের উপরেই নির্ভর করবে যে, কোন দল গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে। সেখানেও যদি ব্যাটিং এ ভাবে হয়, তা হলে কিন্তু বিপদ। হরমনপ্রীতেরা ভুল করলে তার সুবিধা অবশ্য নেবে পাকিস্তান।

এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে ভারতীয় ক্রিকেটে যে সমস্যা হচ্ছে তা মেটাতে না পারলে চাপ বাড়বে। তিনি বলেন, “এটা একটা চেনা ছবি। ওপেনারেরা ভাল খেলবে। তার পর মাঝের ওভারে পর পর উইকেট পড়ে রান কমে যাবে। মিডল অর্ডারে জুটি না হলে ২০০ বা তার বেশি রান কী ভাবে হবে? তাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান করেছিল ভারত। পরের ১০ ওভারে ৭ উইকেট পড়ে গেল। ৫০-৬০ রান হল। এ ভাবে হবে না।”

সবচেয়ে চিন্তা বাড়াচ্ছে অধিনায়ক হরমনপ্রীতের ফর্ম। দীর্ঘ দিন তাঁর ব্যাটে রান নেই। রিচা ও ভারতীর খেলার ধরন অনেকটা একই রকম। তাঁরা উইকেটের চিন্তা না করে বড় শট খেলার চেষ্টা করেন। ফলে হরমনকে আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত। সেটাই পারছেন না তিনি। ফাতিমা সানার পাকিস্তান কিন্তু নজর রাখছে।

Team India Women Harmanpreet Kaur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy