আইপিএলের মিনি নিলামের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তার আগেই কি হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে যোগ দেবেন চেন্নাই সুপার কিংসে? সম্প্রতি চেন্নাইয়ের পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরে জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনায় ইন্ধন দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও।
চেন্নাই সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে দলের ম্যাসকট লিয়ো দেখা করেছেন নতুন কোচ জ়াহির খানের সঙ্গে। জ়াহিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি কিছু প্রশ্ন করেছেন তিনি। তার মধ্যে একটি প্রশ্ন নিয়েই জল্পনা তৈরি হয়েছে।
জ়াহিরের সামনে একটি কাগজ তুলে ধরে লিয়ো। তাতে লেখা ছিল, ‘ট্রেডের ব্যাপারে কী বলবে?’ তবে কাগজে লেখা প্রশ্ন নয়, তার কোনায় লেখা একটি সংখ্যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কাগজের কোণে গোল দিয়ে ৩৩ সংখ্যাটি লেখা। ঘটনাচক্রে, ৩৩ নম্বর জার্সি পরেই খেলেন হার্দিক। ফলে অনেকেই মনে করছেন, ট্রেডিংয়ের মাধ্যমে হার্দিককে নেওয়ার পরিকল্পনা করেছে চেন্নাই।
পরে অশ্বিন এক ব্যক্তির পোস্ট উল্লেখ করে লিখেছেন, “সত্যিই হতে চলেছে? নিশ্চয়ই কিছু একটা খেলা চলছে।”
আরও পড়ুন:
গত মরসুমের শেষের থেকেই হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। গত বার নবম স্থানে শেষ করেছিল মুম্বই। মাত্র চারটি ম্যাচে জিতেছিল। গত তিন বারের মধ্যে দু’বার প্লে-অফে উঠতে পারেনি তারা। ফলে হার্দিকের নেতৃত্ব নিয়ে খুশি নন মুম্বই দল পরিচালন সমিতি। তাঁকে অর্থের বিনিময়ে অন্য দলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে প্রতি দিনই।
শুধু চেন্নাই নয়, কলকাতা-সহ আরও অনেক দল রয়েছে হার্দিককে নেওয়ার দৌড়ে। অতীতে চেন্নাই উড়িয়ে দিয়েছে হার্দিককে নেওয়ার দাবি। এখন দেখার, কোন দলের ভাগ্যে শিকে ছেঁড়ে।