গত বারের নিলামে ১৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে উত্তরপ্রদেশের ২০ বছরের অলরাউন্ডার প্রশান্ত বীরকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই পরিকল্পনা কাজে লাগেনি। ফলে এ বারের নিলামের আগে প্রশান্তকে ছেড়ে দিতে পারে মহেন্দ্র সিংহ ধোনিদের দল। তাতে চেন্নাইয়ের পকেট কিছুটা ভরবে।
গত নিলামের পর চেন্নাইয়ের পকেটে ২ কোটি ৪০ লক্ষ টাকা পড়ে রয়েছে। নিলামের নিয়ম অনুযায়ী, এ বার আরও ৫ কোটি টাকা পাবে প্রতিটি দল। তাতে চেন্নাইয়ের পকেটে টাকা বেড়ে হবে ৭ কোটি ৪০ লক্ষ। কিন্তু সেই টাকায় ভাল ক্রিকেটার কেনা মুশকিল। সেই কারণেই প্রশান্তকে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।
গত মরসুমে চেন্নাইয়ের হয়ে ৬ ম্যাচে মাত্র ৯০ রান করেছেন প্রশান্ত। একটিও উইকেট নিতে পারেননি। যে কারণে তাঁকে নেওয়া হয়েছিল, তা করতে ব্যর্থ তিনি। এই রকম এক ক্রিকেটারের জন্য ১৪ কোটি ২০ লক্ষ বেশি টাকা। সেই টাকায় দু’জন ভাল ক্রিকেটার পেতে পারে তারা। সেই দিকেই নজর চেন্নাইয়ের।
আরও পড়ুন:
গত বারের নিলামে প্রশান্তের মতোই ১৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে রাজস্থানের কার্তিক শর্মাকেও কিনেছিল চেন্নাই। তবে তিনি প্রশান্তের থেকে ভাল খেলেছেন। ১১ ম্যাচে ২৯৫ রান করেছেন। ফলে তাঁকে ছাড়ার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারে চেন্নাই। মিডল অর্ডারে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।
স্টিফেন ফ্লেমিংয়ের বদলে জ়াহির খানকে প্রধান কোচ করেছে চেন্নাই। দলের সাপোর্ট স্টাফও বদলে গিয়েছে। স্বাভাবিক ভাবেই ফ্লেমিং যে পরিকল্পনা করে গত বারের নিলামে ক্রিকেটার কিনেছিলেন, এ বার জ়াহিরের পরিকল্পনা তার থেকে আলাদা হবে। তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটার কিনবেন। ফাঁক ভরাটের চেষ্টা করবেন। সেই কারণেই প্রশান্তকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে চেন্নাই। তা হলে নিলামে অন্তত ২১ কোটির বেশি টাকা নিয়ে নামতে পারবে তারা।