Advertisement
E-Paper

অকল্যান্ডে নেটে ম্যারাথন ব্যাটিং শুভমনের, জিমেই ঘাম ঝরালেন কোহলি, হোটেলের ঘর থেকে বেরোলেন না রোহিত

রবিবার অনুশীলন করেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শুভমন গিলকে দেখা যায়নি। তাই সোমবার প্রায় তিন ঘণ্টা অনুশীলন করলেন শুভমন। রোহিত, কোহলি এলেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৪:০৬
cricket

অনুশীলনে শুভমন গিল। ছবি: এক্স।

রবিবার অনুশীলন করেননি শুভমন গিল। সোমবার তা পুষিয়ে দিলেন ভারত অধিনায়ক। অকল্যান্ডে ম্যারাথন ব্যাটিং করলেন তিনি। অন্য দিকে বিরাট কোহলিকে জিমেই সময় কাটাতে দেখা গেল। রোহিত শর্মা আবার সোমবার অনুশীলন বা জিম কোথাও গেলেন না। হোটেলের ঘরে থাকলেন তিনি।

সোমবার সকাল সকাল ইডেন পার্কে অনুশীলনে আসেন শুভমন। সঙ্গে ছিলেন লোকেশ রাহুল। বাকি কোনও ব্যাটার অনুশীলন করেননি। শুভমনদের অনুশীলনে নজর ছিল স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের।

রবিবার অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, আকিব নবিরা লম্বা স্পেল করেছিলেন। তাই সোমবার তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। এ দিন মূলত স্থানীয় বোলারদের সামনে অনুশীলন করেন শুভমন ও রাহুল।

শুরুতে ১৫ মিনিট উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় রাহুলকে। তার পর প্যাড পরে শুভমনের সঙ্গে নেটে যান তিনি। প্রথমে এক ব্যাটার এক মিনিট করে ব্যাট করছিলেন। তার পর দৌড়ে অন্য প্রান্তে চলে যাচ্ছিলেন। তখন অন্য ব্যাটার এক মিনিট ব্যাট করছিলেন। এ ভাবে প্রায় এক ঘণ্টা ব্যাট করেন দু’জনে। তার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান রাহুল।

শুভমন অবশ্য যাননি। তার পরেও থ্রো-ডাউন নিতে থাকেন তিনি। বেশ কিছু ক্ষণ রক্ষণের দিকে নজর দেওয়ার পর বড় শট খেলা শুরু করেন শুভমন। ব্যাটিং শেষে বেশ কিছু ক্ষণ ফিল্ডিং অনুশীলন করেন শুভমন। স্লিপ ও বাউন্ডারির ধারে ক্যাচের অনুশীলনও সারেন। সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেন ভারত অধিনায়ক। বেশ কয়েক জন দর্শক অনুশীলন দেখতে এসেছিলেন। শুভমনের কাছে সই চান অনেকে। যদিও সে দিকে কান না দিয়ে অনুশীলনেই মন ছিল শুভমনের।

রোহিত ও কোহলি রবিবার দীর্ঘ সময় অনুশীলন করেছিলেন। তাই সোমবার অনুশীলন করেননি তাঁরা। যদিও কোহলি বেশ কিছু ক্ষণ জিমে ছিলেন। রোহিত, রতুরাজ গায়কোয়াড় হোটেলের ঘরেই ছিলেন। মঙ্গলবার বিকেলে ভারতের অনুশীলন রয়েছে। বুধবার ম্যাচের আগে সেই অনুশীলনে গোটা দলকে দেখা যেতে পারে।

India Vs New Zealand Shubman Gill Rohit Sharma Virat Kohli Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy