Advertisement
E-Paper

দেশের জন্য বুলেট খেতেও রাজি! নিউ জ়িল্যান্ড সফরের মাঝেই দলকে অন্য চ্যালেঞ্জ ভারতের প্রধান কোচ গম্ভীরের

গৌতম গম্ভীর জানেন, ভারতের কোচ হিসেবে সব সময় তাঁর দিকে সকলের নজর রয়েছে। পান থেকে চুন খসলে সমালোচনা হবে। কিন্তু তার পরেও তিনি এই দায়িত্ব চালিয়ে যেতে তৈরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১০:২৭
cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

শুধুমাত্র ২০২৬ সালেই ১২টি সিরিজ় খেলেছে ভারত। একটি সিরিজ় শেষ হতে না হতে পরের সিরিজ়ের প্রস্তুতি শুরু করতে হয়েছে। টানা ম্যাচ খেলার ধকল শুধু ক্রিকেটারদের নয়, কোচ ও সাপোর্ট স্টাফদের উপরেও পড়েছে। সেই ধকলের কথা শোনা গেল গৌতম গম্ভীরের মুখে। ভারতের প্রধান কোচ স্পষ্ট করে দিয়েছেন, ধকল সামলাতে তিনি তৈরি।

ভারত-নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় শেষে সাংবাদিক বৈঠকে ধকলের প্রশ্নে গম্ভীর জানিয়েছেন, তাঁর কাছে ভারতের প্রতিনিধিত্ব করা সবচেয়ে বেশি গর্বের। গম্ভীর বলেন, “আমরা পেশাদার। তাই আমার মতে, অজুহাতের কোনও জায়গা নেই। জানি, শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত ছিলাম। কিন্তু সেটা সামলানোর মতো ক্ষমতা আমার আছে। আমি ওই চাপ সামলাতে পারি। দেশের জন্য আমি বুলেট খেতেও রাজি।”

ভারতের জার্সি গায়ে দেওয়ার থেকে বেশি গর্বের তাঁর কাছে আর কিছু নেই বলেই জানিয়েছেন গম্ভীর। তিনি জানেন, ভারতের কোচ হিসেবে সব সময় তাঁর দিকে সকলের নজর রয়েছে। পান থেকে চুন খসলে সমালোচনা হবে। কিন্তু তার পরেও তিনি এই দায়িত্ব চালিয়ে যেতে তৈরি। তার একমাত্র কারণ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। আর সেই কাজ করতে সব রকমের চাপ সামলাতে তিনি তৈরি বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ।

কঠিন সূচি ও পরিস্থিতি সামলে তাঁর দলের ছেলেরা যে ভাবে খেলেছেন তার প্রশংসাও করেছেন ভারতীয় দলের কোচ। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হতেই নিউ জ়িল্যান্ডে যেতে হয়েছিল ভারতীয় দলকে। সেখানে বেশি অনুশীলনের সময়ও পাননি শ্রেয়স আয়ারেরা। তার পরেও প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ় জিতে নেয় ভারত। সে কথা শোনা গিয়েছে গম্ভীরের গলায়। তিনি বলেন, “যে ভাবে আমাদের ছেলেরা পরিস্থিতি ও চাপ সামলেছে, ১৫ ঘণ্টা বিমানযাত্রার পর এক দিন অনুশীলন করে যে ভাবে পর পর তিন ম্যাচ জিতেছে, তার প্রশংসা করতেই হবে।”

টি-টোয়েন্টি সিরিজ় শেষ। পর পর ওয়েস্ট ইন্ডিজ় ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থাকায় পরিকল্পনার তেমন সুযোগ পাননি বলে জানিয়েছেন গম্ভীর। তবে টেস্ট ও এক দিনের সিরিজ়ের পরিকল্পনা ভাল ভাবে করতে চান তিনি। সিরিজ়ের মাঝেই দলকে নতুন চ্যালেঞ্জ দিয়েছেন কোচ। গম্ভীর বলেন, “নিউ জ়িল্যান্ডের মাটিতে ৫০ ওভার ও টেস্টের চ্যালেঞ্জ সবচেয়ে কঠিন। তাই আমাদের ভাল ভাবে পরিকল্পনা করতে হবে। টেস্ট ও এক দিনের সিরিজ় কী ভাবে জেতা যায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের জিততেই হবে।”

টেস্ট ও এক দিনের সিরিজ়ে বোলারদের উপর চাপ বেশি থাকবে বলে মনে করেন গম্ভীর। তাই সিরিজ় জিতলে সেই কৃতিত্ব বোলারদেরই দিতে চান গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, “এক দিনের সিরিজ়ে নিউ জ়িল্যান্ডে এর থেকে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা খেলিনি। টেস্টেও অভিজ্ঞতা কম থাকবে। তাই বোলারদের দায়িত্ব অনেক। ওদের উপর চাপও বেশি। ব্যাটারদের নিয়ে সমস্যা নেই। তাই আমরা যদি টেস্ট ও এক দিনের ক্রিকেটে ভাল খেলি, তার বেশি কৃতিত্ব বোলারদের দেওয়া উচিত।”

India Vs New Zealand Gautam Gambhir Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy