সিরিজ় জিতলেও শেষ দু’ম্যাচে হারতে হয়েছে। তাতে কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। ভারতের প্রধান কোচের মতে, ভয়ডরহীন ক্রিকেটই তিনি খেলাবেন। কারণ, ভয় বলে কোনও শব্দ তাঁর অভিধানে নেই।
ভারত-নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় শেষে সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, “ভয় বলে কোনও শব্দ আমার অভিধানে নেই। আমরা পেশাদার। তাই আমার মতে, অজুহাতের কোনও জায়গা নেই। জানি, শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত ছিলাম। কিন্তু সেটা সামলানোর মতো ক্ষমতা আমার আছে। আমি ওই চাপ সামলাতে পারি। আমি বুলেটের ধাক্কা সামলাতে পারি।”
ভারতের জার্সি গায়ে দেওয়ার থেকে বেশি গর্বের তাঁর কাছে আর কিছু নেই বলেই জানিয়েছেন গম্ভীর। তিনি জানেন, ভারতের কোচ হিসেবে সব সময় তাঁর দিকে সকলের নজর রয়েছে। পান থেকে চুুন খসলে সমালোচনা হবে। কিন্তু তার পরেও তিনি এই দায়িত্ব নিতে তৈরি। তার একমাত্র কারণ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। আর সেই কাজ করতে সব রকমের চাপ সামলাতে তিনি তৈরি বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ।
কঠিন সূচি ও পরিস্থিতি সামলে তাঁর দলের ছেলেরা যে ভাবে খেলেছেন তার প্রশংসাও করেছেন ভারতীয় দলের কোচ। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হতেই নিউ জ়িল্যান্ডে যেতে হয়েছিল ভারতীয় দলকে। সেখানে বেশি অনুশীলনের সময়ও পাননি শ্রেয়স আয়ারেরা। তার পরেও প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ় জিতে নেয় ভারত। সে কথা শোনা গিয়েছে গম্ভীরের গলায়। তিনি বলেন, “যে ভাবে আমাদের ছেলেরা পরিস্থিতি ও চাপ সামলেছে, ১৫ ঘণ্টা বিমানযাত্রার পর এক দিন অনুশীলন করে যে ভাবে পর পর তিন ম্যাচ জিতেছে, তার প্রশংসা করতেই হবে।”
প্রথম তিন ম্যাচ জেতার পর দু’ম্যাচ কেন হারতে হল? ক্রিকেটারেরা কি নিউ জ়িল্যান্ডকে হালকা ভাবে নিয়েছিল? তেমনটা মনে করেন না গম্ভীর। তাঁর কথায়, “নিউ জ়িল্যান্ড খুব ভাল দল। গত বারের বিশ্বকাপের ফাইনালিস্ট। সবগুলো ম্য়াচই ভাল হয়েছে। ক্রিকেটে হার-জিত আছেই। দুটো ম্যাচ হারলেই গেল গেল রব তোলার কিছু নেই।”
আরও পড়ুন:
ভারত এ দলের হয়ে খেলেননি ঋষভ পন্থ। তাঁর কি চোট লেগেছে? তিনি কি টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন? সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি গম্ভীর। তিনি বলেন, “পন্থকে নিয়ে এখনই আমার কাছে কোনও খবর নেই। খবর পেলে আমি জানাব।”
আপাতত টি-টোয়েন্টি সিরিজ় শেষ। এ বার সামনে এক দিনের সিরিজ়। ২০ ওভার ছেড়ে এ বার ৫০ ওভারের প্রস্তুতি শুরু। কিন্তু সেখানেও যে তিনি ভয়ডরহীন ক্রিকেটই খেলাবেন, তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।