টি-টোয়েন্টি সিরিজ় জিতে নিউ জ়িল্যান্ড সফর শুরু করেছে ভারতীয় দল। এ বার সেখানে এক দিন ও টেস্ট সিরিজ়ের লড়াই। টি-টোয়েন্টি দলের খুব কম সদস্যই সেই দুই সিরিজ়ে খেলবেন। বাকিরা দেশে ফিরে আসবেন। তার আগে প্রধান কোচ গৌতম গম্ভীর সতর্ক করলেন ক্রিকেটারদের।
আপাতত এক মাস ছোট ফরম্যাটে ভারতের কোনও সিরিজ় নেই। আবার ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে তারা। সেই সিরিজ়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, “টানা পর পর সিরিজ় খেলেছি আমরা। এ বার তোমাদের এক মাসের লম্বা ছুটি। কিন্তু নিজেদের তৈরি রাখতে হবে। শ্রীলঙ্কা সিরিজ়ের জন্য যেন প্রস্তুতি ঠিক থাকে।”
পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও বা ছোট ফরম্যাটে বিশ্ব জুড়ে দাপট দেখালেও কোনও দলকে হালকা করে নিতে চান না গম্ভীর। তাই ক্রিকেটারদের সতর্ক করেছেন তিনি। গম্ভীর বলেন, “কোনও প্রতিপক্ষকেই আমরা হালকা ভাবে নিতে পারব না। আমাদের দল হিসেবে উন্নতি করে যেতেই হবে। তার প্রধান উপায় প্রস্তুতির মধ্যে থাকা। খেলার মধ্যে থাকা। সেটা সকলকে মাথায় রাখতে হবে।”
আরও পড়ুন:
নিউ জ়িল্যান্ডকে তাদের মাটিতে হারানোর জন্য টি-টোয়েন্টি দলের প্রশংসা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। তিনি বলেন, “নিজেদের নিয়ে তোমাদের গর্ব করা উচিত। মাত্র এক দিন অনুশীলন করে নিউ জ়িল্যান্ডের মতো দলকে তাদের দেশে হারানো সহজ নয়। এই জয়ের মূল্য অনেক বেশি। আমি তোমাদের নিয়ে গর্বিত।”
এই টি-টোয়েন্টি সিরিজ় জয় বাকি দুই সিরিজ়ের ছন্দ গড়ে দিয়েছে বলে মনে করেন গম্ভীর। তিনি চেয়েছিলেন জয় দিয়ে শুরু করতে। তা হলে এক দিন ও টেস্ট সিরিজ়ের আগে দলের আত্মবিশ্বাস বাড়বে। সেটাই হয়েছে। এ বার বাকি দুই দলের পালা। তার আগে টি-টোয়েন্টি দলকে নিউ জ়িল্যান্ড থেকে বিদায় জানালেন গম্ভীর।