ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজের আগে চোটের ধাক্কা নিউ জ়িল্যান্ড শিবিরে। চোটের কারণে বাদ পড়লেন দুই ক্রিকেটার। ফলে এক দিনের সিরিজ়ের আগে আবার নতুন করে দল ঘোষণা করতে হল নিউ জ়িল্যান্ডকে।
চোটের কারণে খেলতে পারবেন না রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। কাঁধের চোট এখনও সারেনি রাচিনের। অন্য দিকে হ্যামস্ট্রিংয়ের চোট পুরো না সারায় খেলতে পারবেন না চ্যাপম্যানও।
দুই ক্রিকেটারের বদলে নতুন চার ক্রিকেটারকে এক দিনের দলে ঢুকিয়েছে নিউ জ়িল্যান্ড। তাঁরা হলেন, হেনরি নিকোলস, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফ্ট ও টিম সেইফার্ট।
এর আগে সেইফার্টকে চতুর্থ ও পঞ্চম এক দিনের ম্যাচের জন্য নেওয়া হয়েছিল। এ বার তাঁকে আগের তিন ম্যাচের দলেও ঢোকানো হয়েছে। নিকোলস প্রথম তিন ম্যাচের দলে রয়েছেন। ফক্সক্রফ্টকে শেষ দু’ম্যাচের জন্য নেওয়া হয়েছে। সেইফার্টের মতো ফিশারকেও আগে চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু এ বার তাঁকেও আগের তিন ম্যাচের দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
৪ নভেম্বর, বুধবার থেকে শুরু ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ়। প্রথম ম্যাচ হবে অকল্যান্ডে। টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে ভারত। এখন দেখার, ৫০ ওভারের ক্রিকেটে বাজিমাত করে কোন দল।
নিউ জ়িল্যান্ডের এক দিনের দল
প্রথম তিন এক দিনের ম্যাচ— মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপ্স, টিম সেইফার্ট, নেথান স্মিথ, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
শেষ দুই এক দিনের ম্যাচ— মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিশ্চিয়ান ক্লার্ক, জেকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফ্ট, লকি ফার্গুসন, মিচ হে, নিক কেলি, টিম সেইফার্ট, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।