Advertisement
E-Paper

হার্দিককে নিতে আবার আসরে কেকেআর! এক ব্যাটারকে ছাড়লেই আইপিএল-জয়ী অধিনায়ক কলকাতার দলে

১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হবে সব দলকে। তার মধ্যেই হার্দিককে নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে মুম্বই। এখন দেখার, কেকেআর তাদের প্রস্তাবে রাজি হয় কি না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৪:৪০
cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

মাঝে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। তা আবার শুরু হয়েছে। হার্দিক পাণ্ড্যকে নিতে আবার আসরে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা চলছে। তবে এক ব্যাটারকে নিয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েছে কেকেআর।

প্রথমে যখন আলোচনা শুরু হয়েছিল তখন হার্দিকের বদলে কখনও সুনীল নারাইন, কখনও বরুণ চক্রবর্তী, আবার কখনও রিঙ্কু সিংহকে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু কেকেআর স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এই তিন ক্রিকেটারকে ছাড়বে না তারা।

ক্যামেরন গ্রিনকে ছাড়তে আপত্তি ছিল না কেকেআরের। কিন্তু গ্রিন ক’টি ম্যাচ খেলবেন তার নিশ্চয়তা নেই। শারীরিক ধকল সামলাতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাঁকে কী অনুমতি দেয় সে দিকে তাকিয়ে থাকতে হবে। তাই গ্রিনকে নিতে চায় না মুম্বই।

এ বার মুম্বইয়ের দাবি, হার্দিকের বদলে হর্ষিত রানা ও অঙ্গকৃশ রঘুবংশীকে তাদের ছাড়তে হবে। কেকেআর শুরুতে এই প্রস্তাবও মানতে চায়নি। কারণ, হর্ষিত ২০২৪ চ্যাম্পিয়ন দলের সদস্য। অন্য দিকে গত মরসুমে কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রঘুবংশী। তাঁকে ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে।

আরও একটি বিষয় সামনে এসেছে। তা হল হার্দিকের ফিটনেস। গত আইপিএলের পর থেকে আর খেলেননি তিনি। কবে হার্দিক ফিট হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একই প্রশ্ন রয়েছে হর্ষিতের ফিটনেস নিয়েও। গত আইপিএলে খেলতে পারেননি হর্ষিত। এ বার কি পারবেন তিনি?

এই সব প্রশ্নের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রঘুবংশীকে কি ছাড়তে চাইবে কেকেআর? হর্ষিতের ফিটনেসের সমস্যা থাকায় রঘুবংশীই আসল তুরুপের তাস। তাঁকে ছাড়লেই ২০২২ সালের আইপিএল-জয়ী অধিনায়ক হার্দিককে পেয়ে যাবে কেকেআর। তাদের অধিনায়ক প্রয়োজন। হার্দিক বড় তারকা। ফলে কেকেআর ঝুঁকি নেবে কি না সেটাই দেখার।

জানা গিয়েছে, আবার নতুন করে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আলোচনা শুরু হবে। ১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হবে সব দলকে। তার মধ্যেই হার্দিককে নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে মুম্বই। এখন দেখার, কেকেআর তাদের প্রস্তাবে রাজি হয় কি না।

Hardik Pandya KKR MI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy