কয়েক দিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অজিঙ্ক রাহানে। তার ১০ দিনের মধ্যেই আবার ২২ গজে ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। নতুন একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন রাহানে।
৩০ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও ২২ গজ থেকে দূরে থাকছেন না রাহানে। অবসর ঘোষণার ১০ দিনের মধ্যে চুক্তিবদ্ধ হলেন বিদেশের একটি ফ্র্যাঞ্চাইজ়ি লিগের সঙ্গে। নতুন শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগে খেলবেন রাহানে। আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলবেন রাহানে। নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজ়িটি রাহানের সঙ্গে চুক্তির কথা সরকারি ভাবে ঘোষণা করেছে। এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত রয়েছেন স্টিভ ওয়ে।
নতুন প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বসিত রাহানেও। তিনি বলেছেন, ‘‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিশ্বাস করি ক্রিকেটারদের দায়িত্ব হল, খেলাটাকে আরও শক্তিশালী করে তোলা। ইউরোপ একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আগামী দিনে ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল হয়ে উঠতে পারে।’’
আরও পড়ুন:
ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি এক দিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আট হাজারের বেশি রান রয়েছে। সব মিলিয়ে ১৫টি শতরানের মালিক তিনি। ২০২০-২১ মরসুমে রাহানের নেতৃত্বেই ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল ভারত। পিছিয়ে পড়ার পরও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় জেতান অধিনায়ক রাহানে।