নিউ জ়িল্যান্ডের অনুশীলনে দুর্ঘটনা। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে অনিশ্চিত ডেভন কনওয়ে। মঙ্গলবার ফিল্ডিং অনুশীলনের সময় এক সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন কনওয়ে। তিনি কবে থেকে খেলতে পারবেন, তা নিশ্চিত করতে পারেনি নিউ জ়িল্যান্ড শিবির।
এক দিনের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের নিয়মিত ওপেনার কনওয়ে। তাঁকে না পেলে নিশ্চিত ভাবে সমস্যায় পড়বে কিউয়িরা। নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, ফিল্ডিং অনুশীলনের সময় জোরে বোলার ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লাগে কনওয়ের। মাথায় লাগায় কনকাশন পরীক্ষা করা হয়। তবে তাঁর পরিস্থিতি স্থিতিশীল। বুধবার দু’দলের প্রথম এক দিনের ম্যাচে কনওয়ের খেলার কোনও সম্ভাবনা নেই। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্যান্টনার বলেছেন, ‘‘দু’জনের মাথায় মাথায় ধাক্কা লেগেছে। বিষয়টাকে আমরা হালকা ভাবে নিচ্ছি না। এই পরিস্থিতিতে আমাদের বিকল্প ওপেনারের কথা ভাবতে হচ্ছে। আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। দেখতে হবে কনওয়ে কেমন অনুভব করছে। তবে এই মুহূর্তে ও খেলার মতো জায়গায় নেই।’’
শেষ পর্যন্ত কনওয়ে খেলতে না পারলে টিম সেইফার্ট নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশে আসবেন। ভারতের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন ফর্মে থাকা সেইফার্ট। সোমবারই তাঁকে প্রথম তিনটি এক দিনের ম্যাচের দলে নেওয়া হয় আহত রাচিন রবীন্দ্রের পরিবর্ত হিসেবে। চোটের জন্য রাচিন ছাড়াও কিউয়িরা এক দিনের সিরিজ়ে পাবে না মার্ক চাপম্যানকেও। তার সঙ্গে কনওয়ের চোট চাপ বাড়াল আয়োজকদের উপর। পরিস্থিতি সামলাতে প্রথম তিন ম্যাচের দলে নেওয়া হয়েছে হেনরি নিকোলাসকেও। আবার শেষ দু’টি এক দিনের ম্যাচের দলে রাখা হয়েছে ডিন ফক্সক্রফ্টকে।
নিউ জ়িল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘‘রাচিন এবং চাপম্যানকে আমরা পাব না, বোঝা যাচ্ছিল। ওদের সঙ্গে যোগ হল কনওয়ের চোট। বিষয়টা অত্যন্ত হতাশার। এর পর টেস্ট সিরিজ় রয়েছে। আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না।’’