প্রতি ম্যাচেই একের পর এক রেকর্ড গড়ছেন অভিষেক শর্মা। ইনদওরে ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ (মাত্র ১০২৪ বলে) রানের রেকর্ড গড়েছেন। এক বছরে ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন তিনি। কী ভাবে এই সাফল্য পাচ্ছেন অভিষেক?
টি-টোয়েন্টিতে পা দেওয়ার পর থেকে অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে পরিচিত সকলে। কিন্তু ধারাবাহিকতা ছিল না। একটি ম্যাচে বড় রান করলে পরের দুই ম্যাচে ব্যর্থ হতেন। কিন্তু সেই ছবিটা বদলেছে। এখন একের পর এক ম্যাচে বড় ইনিংস খেলছেন। এই ধারাবাহিকতার রহস্য ফাঁস করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।
‘ক্রিকবাজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক বলেন, “অভিষেক দুর্দান্ত এক ওপেনার। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ও আক্রমণ করার ক্ষমতা রাখে। এ রকম ওপেনার ভারতীয় ক্রিকেটে অনেক দিন আসেনি।” কার্তিকের সংযোজন, “ওর দক্ষতা রয়েছে। সব দিকে শট খেলতে পারে। পাশাপাশি এখন ও ধারাবাহিক ভাবে রান করছে। একই স্ট্রাইক রেটে এ ভাবে রান করা কঠিন। সেই কারণেই ও বাকিদের থেকে আলাদা।”
আরও পড়ুন:
কিন্তু এখন অভিষেকের খেলার ধরন বদলেছে বলেই মনে করেন কার্তিক। এখন শুরু থেকে সব বলে না চালিয়ে বল দেখে খেলেন অভিষেক। কার্তিক বলেন, “ও প্রথম কয়েকটা বল দেখে। পিচ বোঝার চেষ্টা করে। তার পর নিজের স্বাভাবিক শট মারতে শুরু করে। আগে প্রথম বল থেকেই চালাতে যেত। বল দেখে খেলার প্রবণতা ওকে আরও বিধ্বংসী করে তুলেছে।”
অভিষেকের এই বদলের নেপথ্যে যে তাঁর গুরু যুবরাজ সিংহের হাত রয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন কার্তিক। তিনি বলেন, “অভিষেক সেরার কাছ থেকে শিখেছে। ওর খেলার ধরন দেখলেই সেটা বোঝা যাচ্ছে। যুবি পাজি আছে বলেই অভিষেক এতটা আত্মবিশ্বাস নিয়ে খেলছে।”