Advertisement
E-Paper

ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সিরিজ়ে এগোলেও খুশি নন শ্রেয়স! দলের এক দুর্বলতা প্রকাশ করে দিলেন ভারত অধিনায়ক

সিরিজ়ে এই প্রথম আগে ব্যাট করে কোনও দল জিতেছে। তার পরেও দলের খেলায় খুশি হতে পারেননি শ্রেয়স আয়ার। একটি বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৯:২৫
cricket

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

ইনদওরে ওয়েস্ট ইন্ডিজ়কে ১৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ এগিয়েছে ভারত। যে ওয়েস্ট ইন্ডিজ় আগের ম্যাচে ২৫০ রান তাড়া করে জিতেছিল তারাই এই ম্যাচে ২২৪ রান করতে পারেনি। এই জয়ের কৃতিত্ব বোলারদের দিচ্ছেন শ্রেয়স আয়ার। তবে দলের খেলায় খুশি হতে পারেননি তিনি। একটি দুর্বলতার কথাও প্রকাশ্যে এনেছেন ভারত অধিনায়ক।

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে শ্রেয়স শুরুই করেছেন বোলারদের দিয়ে। তিনি বসেন, “বোলারদের আত্মবিশ্বাস ছিল। ওরা জানত, কী করতে হবে। যে পরিকল্পনা করে নেমেছিল, তা বাস্তবে করে দেখিয়েছে। যার হাতেই বল তুলে দিয়েছি, সে চ্যালেঞ্জ নিয়েছে। এটাই তো চাই।”

প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও ঈশান কিশন দলকে খুব ভাল শুরু দিয়েছিল। দুই ব্যাটারের প্রশংসা শোনা গিয়েছে শ্রেয়সের গলায়। তিনি বলেন, “সত্যি বলতে, ওরা দুর্দান্ত শুরু করেছিল। অভিষেক পাওয়ার প্লে-তে যা করে সেটাই করেছে। ঈশানও দলে ফেরার পর থেকে গত কয়েক মাসে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছে। এমনকি, শেষ দিকে প্রিন্সও কয়েকটা ভাল শট খেলেছে। ওই রানটা খুব গুরুত্বপূর্ণ ছিল।”

তা হলে কেন অখুশি শ্রেয়স? তা-ও জানিয়েছেন ভারত অধিনায়ক। অভিষেক ও ঈশান যখন ব্যাট করছিলেন, তখন দেখে মনে হচ্ছিল, ২৫০ রান পার হয়ে যাবে ভারতের। কিন্তু ১৫ বলের মধ্যে চার উইকেট হারায় ভারত। সেখানেই খেলায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ়। এই ঘটনা খুশি করতে পারেনি শ্রেয়সকে।

ভারত অধিনায়ক বলেন, “ওয়েস্ট ইন্ডিজ়কে হালকা ভাবে নিলে হবে না। আমাদের ভাবতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ক্ষতির কারণ হয়। এই সব মাঠে প্রচুর রান হয়। কিন্তু যে ভাবে আমরা পর পর উইকেট হারিয়েছি তা চিন্তার কারণ। প্রতি ম্যাচে তো আর এক বা দু’জন বাঁচাবে না। সকলকে ভাল খেলতে হবে।”

শ্রেয়সের কথা থেকে স্পষ্ট, যে ভাবে পর পর উইকেট পড়েছে তাতে খেলা ওয়েস্ট ইন্ডিজ়ের পক্ষে প্রায় চলে গিয়েছিল। দু’একটি উইকেট নিজেদের নির্বুদ্ধিতায় খুইয়েছে ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচে এই সব ভুল হারের কারণ হয়ে উঠতে পারে। সতীর্থদের সেই বার্তাই দিতে চেয়েছেন অধিনায়ক। এখন থেকেই দলের ফাঁক ভরাট করতে চাইছেন শ্রেয়স।

India Vs West Indies Shreyas Iyer India Cricket Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy