মাত্র ২২ দিন আগে বিশ্বরেকর্ড গড়েছিলেন শুভমন গিল। এক দিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন হ্যারি ব্রুক। ভারত অধিনায়কের কীর্তি ছাপিয়ে গেলেন ইংরেজ অধিনায়ক।
বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১১৪ বলে দ্বিশতরান করেছেন ব্রুক। শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রানের ইনিংস খেলেছেন তিনি। ২১টি চার ও ১০টি ছক্কা মেরেছেন ইংরেজ অধিনায়ক। তাঁর ব্যাটে ভর করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রান করেছে ইংল্যান্ড।
গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪০৬ রান তাড়া করতে নেমে ১৩৩ বলে অপরাজিত ২২৩ রানের ইনিংস খেলেন শুভমন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। সেই ইনিংসে ১১৭ বলে দ্বিশতরান করেছিলেন শুভমন। এত দিন সেটিই ছিল এক দিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান। এ দিন সেই রেকর্ড ভেঙে দিলেন ব্রুক।
আরও পড়ুন:
তবে একটি ক্ষেত্রে দুই ইনিংস আলাদা। শুভমন সেটি করেছিলেন রান তাড়া করতে নেমে। রান তাড়া করার সময় ব্যাটারদের উপর চাপ অনেক বেশি থাকে। বিশ্বের অনেক বিধ্বংসী ব্যাটারকেই দেখা গিয়েছে, রান তাড়া করার তুলনায় প্রথম ইনিংসে ভাল খেলেন। কারণ, প্রথম ইনিংসে রান করা সহজ। সেটিই করেছেন ব্রুক।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ঈশান কিশন। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১২৬ বলে দ্বিশতরান করেছিলেন তিনি। চার বছর ধরে সেটিই ছিল বিশ্বরেকর্ড। সতীর্থের রেকর্ড ভেঙেছিলেন শুভমন। কিন্তু ২২ দিনের মধ্যে সেই রেকর্ডও ভেঙে দিলেন ব্রুক।