Advertisement
E-Paper

অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন রোহিত? নতুন ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন অধিনায়ক, দেখা যাবে টেলিভিশনে সঞ্চালক হিসাবে

রোহিত শর্মা আগেই টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন দেশের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলেন। পুরোদমে নতুন ইনিংসের প্রস্তুতিতে মগ্ন রোহিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৮:৩৮
Picture of Cricket

রোহিত শর্মা। ছবি: এক্স।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে বেশ কিছু দিন ধরে। এর মধ্যেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করবেন রোহিত।

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চান রোহিত। তাঁকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখতে নারাজ প্রধান নির্বাচক অজিত আগরকর। গত ইংল্যান্ড সফরেই রোহিতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল নির্বাচকদের তরফে। তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন রোহিত। অভিযোগ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে। পরিস্থিতি সামলাতে পদক্ষেপ করতে হয় বোর্ড কর্তাদের। ক্ষুব্ধ রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে ১৩৮ রানের ইনিংস খেলে জবাব দেন।

রোহিত যত দিনই খেলুন ক্রিকেটজীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। নিজেও জানেন তা। সম্ভবত সে কারণেই নতুন ইনিংস হিসাবে বেছে নিয়েছেন টেলিভিশন সঞ্চালনাকে। সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন। অনুষ্ঠানটি কী বিষয়ের বা কী ধরনের, তা জানা যায়নি। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে, ‘দ্যা রোহিত শর্মা শো’। তাদের প্রিভিউ পেজে অনুষ্ঠানটিকে রিয়্যালিটি শো বলে উল্লেখ করা হয়েছে। রোহিতের সঞ্চালিত অনুষ্ঠানটি দেখা যাবে সনি লিভ-এও।

গত মে মাসে রোহিতকে অনুষ্ঠান সঞ্চালনার প্রস্তাব দেন চ্যানেল কর্তৃপক্ষ। প্রোমোও শুটিং হয়ে গিয়েছে। তাতে রয়েছে অধিনায়ক রোহিতের ভাইরাল হওয়া উক্তি, ‘কেউ বাগানে ঘোরাঘুরি করবে না।’ একটি ম্যাচে ফিল্ডারদের ধীর গতির নড়াচড়ায় ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেছিলেন রোহিত। তাঁর কথা শোনা গিয়েছিল স্টাম্প মাইক্রোফোনে। প্রোমোর শুটিংয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে নিয়ে এসেছেন চ্যানেল কর্তৃপক্ষ। শুটিংয়ের জন্য রোহিতের প্রস্তুতি দেখানো হয়েছে। ক্যামেরার অবস্থান-সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় বুঝে নিচ্ছেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ রোহিতের নতুন ইনিংসকে ‘সবচেয়ে বড় বিনোদনমূলক অভিষেক’ বলে বর্ণনা করেছেন। প্রোমোয় রোহিত বলেছেন, ‘‘আমার বলা দুটো বাক্য এত ভাইরাল হয়েছে। তা হলে ভাবুন, আমার শো সম্প্রচার হলে কী হবে।’’

৩৯ বছরের রোহিত আগেই টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন দেশের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলেন। তার মধ্যেই পুরোদমে নতুন ইনিংসের প্রস্তুতিতে মগ্ন রোহিত। তা হলে কি রোহিত অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন? তৈরি হয়েছে নতুন জল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকার সময় রোহিতকে অধিনায়ক করেছিলেন। রোহিত তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছেন।

Rohit Sharma retirement ODI Television Host Sourav Ganguly

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy