Advertisement
E-Paper

৩৬ অল আউটের লজ্জার পর তাঁর এক চালাকিতেই সিরিজ় জিতেছিল ভারত! পাঁচ বছর পর ফাঁস রাহানের

অ্যাডিলেড টেস্টের পর ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফিরে এসেছিলেন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। বাকি তিন টেস্টের দায়িত্ব নিয়েছিলেন রাহানে। তিনিই সিরিজ় জেতান ভারতকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:৫৭
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে অসাধ্যসাধন করেছিল ভারত। অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হয়ে হারের ধাক্কা কাটিয়ে ২-১ সিরিজ় জিতেছিল তারা। আর যাঁর অধিনায়কত্বে এই প্রত্যাবর্তন হয়েছিল, তাঁর নাম অজিঙ্ক রাহানে। তাঁর এক চালাকি ঘুরিয়ে দিয়েছিল খেলা। পাঁচ বছর পরে সেই কাহিনি ফাঁস করলেন রাহানে।

অ্যাডিলেড টেস্টের পর ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফিরে এসেছিলেন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। বাকি তিন টেস্টের দায়িত্ব নিয়েছিলেন রাহানে। তার পরেই একটি চালাকি করেন তিনি। সে কথা নিজেই জানিয়েছেন রাহানে।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে রাহানে জানিয়েছেন, সেই সময় সকলের আগে তাঁকে এমন একটি ভাব করতে হয়েছিল, যেন কিছুই হয়নি। নইলে দল আরও চাপে পড়ে যেত। রাহানে বলেন, “আমার মাথায় তখন একটাই কথা ঘুরছিল। সকলে বলতে শুরু করেছিল ভারত ০-৪ সিরিজ় হারবে। এই দলের কোনও সম্ভাবনা নেই। দলের মধ্যেও একটা সন্দেহ দেখা দিচ্ছিল। আমার প্রথম কাজ ছিল সেই সন্দেহ দূর করা।”

তবে তিনি নিজেও যে সেই সময় চাপে ছিলেন তা স্বীকার করে নিয়েছেন রাহানে। যদিও বাইরে তা প্রকাশ হতে দেননি। রাহানে বলেন, “আমি চাপে ছিলাম। সত্যি বলতে, আমার মাথায় তখন অনেক কিছু ঘুরছিল। কিন্তু খেলা আপনাকে দ্রুত মানিয়ে নিতে শেখায়। আমি সেটাই করেছি। আমার দল, অস্ট্রেলিয়া দল ও সংবাদমাধ্যম, সকলের সামনে একটা চালাকি করতে হয়েছিল।”

কী ছিল সেই চালাকি? রাহানে জানিয়েছেন, তা হল এমন একটা ভাব করা যেন কিছুই হয়নি। রাহানে বলেন, “আমার মনে আছে দলের ছেলেদের সঙ্গে কথা বলছিলাম। ওদের বলেছিলাম, আমরা ভাগ্যবান যে, দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি। কত জন অপেক্ষা করে। কিন্তু সুযোগ পায় না। তাই যারা সুযোগ পায়নি তাদের হয়ে খেলার চেষ্টা করি। যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য খেলার চেষ্টা করি।”

তাঁর এই চালাকি কাজে লেগেছিল বলে জানিয়েছেন রাহানে। তিনি বলেন, “দলের সকলে অবাক হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, অস্ট্রেলিয়াও অবাক হয়ে গিয়েছিল। যে দল ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছে, সেই দলের এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে সেটাই ওরা বুঝতে পারছিল না। এই চালাকি দলকে সিরিজ়ে ফিরিয়েছিল। শেষ পর্যন্ত জিতে ফিরেছিলাম।”

Ajinkya Rahane India Cricket India vs Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy