আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে তাঁকে ও তাঁর পরিবারকে হেনস্থা করা হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা। আয়ারল্যান্ডের রায়ানএয়ার বিমানসংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন ৪৮ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার।
সঙ্গকারার অভিযোগ, তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বিমানসংস্থার কর্মীরা। তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এক্স মাধ্যমে নিজের কথা জানিয়েছেন সঙ্গকারা। সেখানে তিনি লেখেন, “কেউ কি ডাবলিনে রায়ানএয়ার সংস্থার কর্মীদের কাছে হেনস্থা হয়েছেন? আমার ও আমার পরিবারের এমনই অভিজ্ঞতা হল। অবাক হয়েছি। যে ভাবে ওঁরা কথা বলেছেন, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, হুমকি দিয়েছেন তা ভয়াবহ। কোনও যাত্রীর এই ধরনের ব্যবহার প্রাপ্য নয়। ডাবলিনে প্রথম খারাপ অভিজ্ঞতা।”
ঠিক কী কারণে এই ব্যবহার বিমানসংস্থার কর্মীরা করেছেন, সে বিষয়ে অবশ্য বিস্তারিত ভাবে কিছু জানাননি সঙ্গকারা। কেন এই ঘটনা ঘটল, তা-ও বলেননি তিনি। এই ঘটনার পর তিনি কোনও ব্যবস্থা নিয়েছেন কি না, জানাননি শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। ডাবলিন বিমানবন্দর বা রায়ানএয়ার বিমানসংস্থাও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার আর এক প্রাক্তন ক্রিকেটার সঞ্জীব বীরবরণকে পাশে পেয়েছেন সঙ্গকারা। তিনিও জানিয়েছেন, বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দরে বহু বার হেনস্থার শিকার হয়েছেন তিনি। বর্ণবৈষম্যেরও অভিযোগ তুলেছেন সঞ্জীব।
শ্রীলঙ্কার সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছে সঙ্গকারা। দেশের হয়ে ১৩৪ টেস্ট, ৪০৪ এক দিনের ম্যাচ ও ৫৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ৩৮ শতরান ও ৫২ অর্ধশতরানের সাহায্যে ১২,৪০০ রান করেছেন তিনি। এক দিনের ক্রিকেটে ২৫ শতরান ও ৯৩ অর্ধশতরানের সাহায্যে করেছেন ১৪,২৩৪ রান। ২০০৭ ও ২০১১ সালে এক দিনের বিশ্বকাপে শ্রীলঙ্কার রানার্স দলের সদস্য ছিলেন সঙ্গকারা। আইপিএলেও খেলেছেন তিনি। সামলেছেন রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্বও।