Advertisement
E-Paper

ঘর গুছিয়ে নিচ্ছেন সৌরভ, আরও এক প্রাক্তন সতীর্থকে সহকারী করলেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ

প্রথমে যুবরাজ সিংহকে ব্যাটিং কোচ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পর চামিন্ডা ভাসকে করেছেন পেস বোলিং কোচ। এ বার অমিত মিশ্রকে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ করলেন সৌরভ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৭:২২
cricket

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

আইপিএলের আগামী মরসুমের আগে নিজের দল গুছিয়ে নিচ্ছেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে যুবরাজ সিংহকে সহকারী তথা ব্যাটিং কোচ করেছিলেন তিনি। তার পর চামিন্ডা ভাসকে করেছেন পেস বোলিং কোচ। এ বার অমিত মিশ্রকে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ করলেন সৌরভ। ভারতীয় দলে একসঙ্গে কয়েক বছর খেলেছেন সৌরভ ও অমিত। প্রাক্তন সতীর্থকে সহকারী করে আনলেন তিনি।

২০০৮ থেকে ২০১০ ও ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসে খেলেছেন অমিত। আইপিএলে যে দলের হয়ে সবচেয়ে বেশি খেলেছেন তিনি, সেই দলেই এ বার কোচ হিসেবে যোগ দিলেন। তিনি যোগ দেওয়ার দিল্লির স্পিন আক্রমণ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

গত ৬ অক্টোবর সৌরভকে দিল্লির প্রধান কোচ করা হয়েছে। আগে এই দলে মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব সামলালেও প্রধান কোচের দায়িত্ব প্রথম বার সামলাবেন তিনি। প্রথমেই যুবরাজকে সহকারী করেন তিনি। সৌরভের কথা ফেলতে পারেননি তাঁর প্রাক্তন সতীর্থ।

পরে ভাসকে পেস বোলিং কোচ করা হয়। খেলোয়াড় জীবনে সৌরভ ও ভাস একে অপরের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন। ১১১ টেস্টে ৩৫৫ ও ৩২২ এক দিনের ম্যাচে ৪০০ উইকেট নিয়েছেন ভাস। গতি কম থাকলেও তাঁর সুইং ও নিয়ন্ত্রণ ব্যাটারদের সমস্যায় ফেলেছে। সচিন তেন্ডুলকরের মতো ব্যাটারও স্বীকার করেছেন, ভাসের বল খেলতে সমস্যা হত তাঁর। শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভাস। এ বার সেই দলে এলেন অমিত।

আইপিএলের প্রথম মরসুম থেকে খেললেও এখনও আইপিএল জিততে পারেনি দিল্লি। সেই খরা কাটাতে এ বার আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তারা। কোচিং দলে বদল দেখেই সেটা বোঝা যাচ্ছে।

Delhi Capitals IPL Sourav Ganguly Amit Mishra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy