দলের সঙ্গে থাকলেও প্রথম একাদশে যে আপাতত বৈভব সূর্যবংশীর খেলার কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন শ্রেয়স আয়ার। এখন অপেক্ষার পালা। নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হবে ভারতের ১৫ বছরের তারকাকে।
টি-টোয়েন্টি দলে বৈভবের অভিষেকের পর ২১টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে আটটিতে সুযোগ পেয়েছে বৈভব। সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়েও জায়গা হয়নি তার। যা পরিস্থিতি তাতে নিউ জ়িল্যান্ডেও সে সুযোগ পাবে না। অধিনায়ক শ্রেয়সের কথাতেই তা স্পষ্ট।
বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি। তার আগে সংবাদমাধ্যমকে শ্রেয়স বলেন, “বৈভবের মতো প্রতিভা যাতে সাজঘরে সবসময় আনন্দে থাকে সেটা দেখা আমাদের কাজ। ওর বয়স খুব কম। ও ভবিষ্যতে অনেক সুযোগ পাবে। দলে সুযোগ পেয়েই তো সরাসরি প্রথম একাদশে খেলা যায় না। কারণ, আমাদের ওপেনারেরা ধারাবাহিক ভাবে রান করছে। ওরা আমাদের বিশ্বকাপ জিতিয়েছে।”
আরও পড়ুন:
ভারতীয় দলে এখন ওপেনার হিসাবে রয়েছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। বৈভবের জন্য তাঁদের কাউকে সরাতে রাজি নন শ্রেয়স। এই পরিস্তিতিতে বৈভবকে পরামর্শ দিয়েছেন তিনি। শ্রেয়স বলেন, “ওকে বলেছি, নিজের সুযোগের অপেক্ষা করতে। নিজের প্রস্তুতি চালিয়ে যেতে। দলে দু’জন দুর্দান্ত ওপেনার আছে। তাই অপেক্ষা করতেই হবে। ও আমার কথা বুঝেছে।”
বৈভবকে নিয়ে একই কথা শোনা গিয়েছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের মুখে। তিনিও অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বোঝা যাচ্ছে, বৈভবকে দলের সঙ্গে রেখে তাকে তৈরি করতে চাইছেন গম্ভীরেরা। তার পর সঠিক সময়ে বৈভবকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নামাতে চাইছেন তাঁরা।