কয়েকটি নাম হাওয়ায় ভাসছিল। তাদের মধ্যেই একটি সত্যি হল। জানা গিয়েছে, পুজোর মধ্যেই নতুন ইনভেস্টর বা বিনিয়োগকারী পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। সব কিছু ঠিক থাকলে ক্লাবের নতুন বিনিয়োগকারী হতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। দুই পক্ষের মধ্যে চুক্তি সময়ের অপেক্ষা। তার পরেই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। তেমনটা হলে আইএসএলের শুরুতেই আর্থিক সমস্যা মিটতে চলেছে গত বারের চ্যাম্পিয়নদের।
গত ২৫ অগস্ট বিবৃতি দিয়ে ইমামি গোষ্ঠী জানিয়ে দেয়, তারা আর ইস্টবেঙ্গলের ইনভেস্টর থাকছে না। গত আইএসএলের পর থেকেই শোনা যাচ্ছিল, ইমামি সরে যেতে পারে। কিছু বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাদের। তখন থেকেই নানা জল্পনা চলছিল ইস্টবেঙ্গল এবং ইমামিকে নিয়ে। চলতি মরসুমের শুরু থেকে লাল-হলুদ জার্সিতেও দেখা যায়নি ইমামির লোগো। তাতে জল্পনা আরও বাড়ে। তবে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের জার্সিতে ছোট করে হলেও ফিরেছে ইমামির লোগো। ওই ম্যাচের আগেই শোনা যায়, ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না ইমামি গোষ্ঠী। সেটাই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
বিবৃতি দিয়ে ইমামি গোষ্ঠী জানায়, “ইমামি গোষ্ঠী ঘোষণা করছে, ইস্টবেঙ্গল ক্লাবে বিনিয়োগকারী হিসেবে সব ভূমিকা শেষ হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসাবে ইমামি তার সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটাধিকার ইস্টবেঙ্গল কর্তৃপক্ষকে হস্তান্তর করছে। এর ফলে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসেবে ইমামির সমস্ত ভূমিকা শেষ হল। ইমামি গোষ্ঠী ভারতীয় ফুটবলের উন্নতি এবং প্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিনিয়োগকারী হিসেবে এবং পরিচালন দায়িত্ব থেকে সরে এলেও স্পনসর হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গেই থাকছে ইমামি গোষ্ঠী। খেলাধুলোর ক্ষেত্রে ক্লাবের পাশে থাকব আমরা। ”
আরও পড়ুন:
ইমামি সরে যাওয়ায় ক্লাবের আর্থিক সমস্যা হচ্ছিল। এমনকি, লাল-হলুদ ফুটবলারদের বেতন বকেয়া রয়েছে বলেও খবর প্রকাশ্যে এসেছিল। তবে এ বার আর সেই সমস্যা থাকবে না। নতুন ইনভেস্টর পেয়ে যাওয়ায় আবার নতুন উদ্যমে মাঠে নামবেন রশিদেরা।