Advertisement
E-Paper

বিমান সংস্থার আচরণে ক্ষুব্ধ সঙ্গকারা, কী হয়েছিল? তিন দিন পর মুখ খুললেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক

ক্রিকেট মাঠে কুমার সঙ্গকারাকে মেজাজ হারাতে দেখা যায় না। ক্রিকেটের মর্যাদা রক্ষা করার ব্যাপারেও খেলোয়াড়জীবনে সব সময় সতর্ক থাকতেন শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার। সেই সঙ্গকারাই রেগে লাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৬:৪৫
Picture of Football

কুমার সাঙ্গাকারা। — ফাইল চিত্র।

বর্ণবৈষম্যের অভিযোগ তুললেন কুমার সঙ্গকারা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ক্ষুব্ধ আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরের ঘটনায়। তাঁর অভিযোগ, পরিবার নিয়ে বিমানযাত্রার সময় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

ক্রিকেট মাঠে সঙ্গকারাকে মেজাজ হারাতে দেখা যায় না। ক্রিকেটের মর্যাদা রক্ষা করার ব্যাপারে খেলোয়াড়জীবনে সব সময় সতর্ক থাকতেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার। সেই সঙ্গকারাই রেগে লাল। তাঁর মূল অভিযোগ বিমান সংস্থা রায়ান এয়ারের বিরুদ্ধে। গত ২৮ অক্টোবর ডাবলিন থেকে সপরিবার ব্রিস্টল যাওয়ার কথা ছিল সঙ্গকারার। বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার সময় রায়ান এয়ারের কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সঙ্গকারা এবং তাঁর পরিবারের সদস্যেরা। প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ, বিমান সংস্থার কর্মীরা তাঁদের সঙ্গে বৈযম্যমূলক আচরণ করেছেন। হুমকিও দেওয়া হয়েছে তাঁদের।

সমাজমাধ্যমে ক্ষুব্ধ সঙ্গকারা লিখেছেন, ‘‘ডাবলিনে রায়ান এয়ারের বোর্ডিং কর্মীদের বৈষম্যমূলক আচরণের শিকার কি কেউ হয়েছেন? আমি এবং আমার পরিবার এইমাত্র হয়েছি। ভয়াবহ অভিজ্ঞতা। আমাদের সঙ্গে তাঁদের কথা বলার ধরন, নিয়মকানুন মানার পদ্ধতি সব কিছুই অগ্রহণযোগ্য। হুমকিও দেওয়া হয়েছে আমাদের। কোনও যাত্রীর সঙ্গেই এমন আচরণ উচিত নয়। ডাবলিন বিমানবন্দরে এত খারাপ অভিজ্ঞতা আগে কখনও হয়নি।’’ তবে সঙ্গকারা এবং তাঁর পরিবারের বিমানে উঠতে বা গন্তব্যে পৌঁছোতে কোনও সমস্যা হয়নি।

সঙ্গকারার অভিযোগ সমাজমাধ্যমে আসার পরই হইচই শুরু হয়। বিতর্কের মুখে রায়ান এয়ার কর্তৃপক্ষ জানায়, ‘‘ভিসা সংক্রান্ত কাগজ নিয়ে সমস্যা হয়। ওই যাত্রী প্রথমে ভিসার কাগজ দেখাতে চাননি। সে কারণেই সমস্যা হয়। নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পর নির্দিষ্ট বিমানেই তিনি যাত্রা করেছেন।’’

সঙ্গকারার পোস্টের পর এক ব্যক্তি খোঁচা দিয়ে মন্তব্য করেন, ‘‘তারকা হয়ে যাওয়ায় সঙ্গকারা হয়তো বুঝতে পারছেন না, সকলের সঙ্গে একই রকম আচরণ করা হয়।’’ তাতে আরও রেগেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘যখন বলা হয়, আপনাদের মানুষ বা যাঁদের আপনাদের মতো পাসপোর্ট রয়েছে, তাঁদের সঙ্গে এমন ব্যবহারই করা উচিত। তখন আর বিষয়টি সাধারণ থাকে না। ওই বক্তব্যের প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হয়। বলা হয়, বিমানে উঠতে দেওয়া হবে না। এটা কোনও সাধারণ আচরণ নয়। বর্ণবৈষম্যমূলক আচরণই বলা হয় এটাকে।’’

অনেকেই সঙ্গকারার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের অন্যতম ব্রিটেনের টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগ্যান। তিনি বলেছেন, ‘‘সঙ্গকারার মতো ভদ্র এবং মার্জিত মানুষ খুব কমই দেখেছি। অত্যন্ত মর্যাদাসম্পন্নও। তিনি যখন অভিযোগ করছেন, তখন নিশ্চই লজ্জাজনক ঘটনা ঘটেছে। আশা করব, রায়ান এয়ার বিষয়টি যথাযথ ভাবে দেখবেন।’’

Kumar Sangakkara Dublin Sri Lanka racist abuse

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy