আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পাণ্ড্যের প্রত্যাবর্তনের দিন পিছিয়েই চলেছে। মনে করা হয়েছিল ভারত এ সিরিজ় দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি। তা আপাতত হচ্ছে না। শোনা যাচ্ছে, নিউ জ়িল্যান্ড সফরেও হয়তো খেলা হবে না তাঁর। চোটের জায়গায় এখনও ব্যথা রয়েছে।
আগামী ৬ অক্টোবর থেকে ভারত এ-র বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ-র সিরিজ় শুরু হচ্ছে। কিন্তু হার্দিকের পায়ের ব্যথা এখনও কমেনি। সম্প্রতি সেই ব্যথা আরও বাড়ায় স্ক্যান করাতে হয়েছে। বোর্ডের চিকিৎসকেরা চোট পরীক্ষা করে আরও বিশ্রামের পরামর্শ দিয়েছেন হার্দিককে।
গত কয়েক মাস ধরেই ধীরে ধীরে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছিলেন হার্দিক। কিন্তু সাম্প্রতিক চোট সমস্যা তাঁর প্রত্যাবর্তন আরও পিছিয়ে দিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে এই চোটের কারণেই খেলতে পারেননি। শোনা গিয়েছিল তাঁকে এশিয়ান গেমসের দলে নেওয়া হতে পারে। দল নির্বাচনের দিনই আবার চোট পান।
আগামী ১০-১৫ দিন হার্দিক কোনও রকম শারীরিক কসরত করবেন না। ফলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পরের মাসে টি-টোয়েন্টি সিরিজ়ে পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাঁকে সরাসরি এক দিনের সিরিজ়ে খেলানো হবে কি না, তা নিয়ে সাবধানি হয়ে ভাবনাচিন্তা করছেন নির্বাচকেরা। হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ সকলেই। পরের বছর বিশ্বকাপে সুস্থ হার্দিককে পেতে চান নির্বাচকেরা।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে হার্দিককে নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এই মুহূর্তে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন সূর্যাংশ শেড়গেও। হার্দিক ভারত এ-র হয়ে খেলতে না পারলে সূর্যাংশকে দলে নেওয়া হতে পারে।