পরের বছর এক দিনের বিশ্বকাপ খেলতে মরিয়া বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, ওটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই দেশকে ট্রফি জেতাতে যা দরকার সেটাই করবেন তিনি। নিজের সেরাটা নিংড়ে দিতে চান। এ দিকে, রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন, অধরা আক্ষেপ পূরণ করতে চান।
৩৭ বছরের কোহলি এখন মাত্র একটি ফরম্যাটেই খেলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে ‘জিয়োস্টার’-এ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে বলেছেন, “ভারতের হয়ে পরের বছর শেষ বার বিশ্বকাপ খেলতে নামব। ওটাই আমার একমাত্র অনুপ্রেরণা। নিজের সেরাটা নিংড়ে দিতে চাই। বিশ্বকাপ জেতাই আমার একমাত্র স্বপ্ন। যা-ই দরকার হোক, আমি পুরোপুরি তৈরি।”
এ বছরের নভেম্বরে ৩৮ বছর পূর্ণ করবেন কোহলি। পরের বিশ্বকাপের সময় ৩৯ হয়ে যাবে তাঁর। আর বিশ্বকাপ খেলা সম্ভব নয় বলেই মনে করেন তিনি। বলেছেন, “এখন আমরা টি-টোয়েন্টির মেজাজে ১০টা ম্যাচ খেলি। বিশ্বকাপে আসলে আপনি এক দিনে আড়াই খানা টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। বড় প্রতিযোগিতায় আপনাকে এই একাগ্রতা ১০টা ম্যাচে বজায় রাখতে হবে। বিশ্বকাপ খুব বড় প্রতিযোগিতা। তার উপর বিদেশের মাঠে খেলা। শরীরের পুরোটা নিংড়ে দিতে হবে।”
কোহলির সঙ্গে কথা বলেছেন রোহিত শর্মাও। তিনিও যে বিশ্বকাপ খেলতে মরিয়া সেটা স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, গত বিশ্বকাপ ফাইনালে হারের জন্য যে আক্ষেপ রয়েছে তাই পূরণ করতে চান তিনি।
আরও পড়ুন:
রোহিতের কথায়, “আমি শেষ হয়ে গিয়েছি এই ভাবনা কখনওই মাথায় আসেনি। যত দিন খেলছি তত দিন কিছু না কিছু অনুপ্রেরণা থাকবেই। বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। দেখা যাক কী হয়।”
রোহিতের সংযোজন, “বিশ্বকাপ মানে আইসিসি-র একটা প্রতিযোগিতা। তার একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছেই। আলাদা আলাদা মাঠে খেলতে হয়। তাই প্রস্তুতিও অন্য রকম হয়। ভাবনাচিন্তা আলাদা হয়। নিঃসন্দেহে সেটা একটা চ্যালেঞ্জ।”