Advertisement
E-Paper

গম্ভীর দেখে যাওয়ার পরই বদলে ফেলা হল পিচের চরিত্র, গল টেস্টের প্রথম একাদশ নিয়ে চিন্তায় ভারত

শ্রীলঙ্কার অনুশীলন শেষ হওয়ার পর পিচের পরিচর্যা শুরু করেন মাঠকর্মীরা। তার দু’ঘণ্টা আগে মাঠ ছাড়েন গম্ভীরেরা। গোটা পিচের উপর বেশ কয়েক বার লন মোয়ার চালান তাঁরা। তার পর হালকা রোলার ব্যবহার করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ২১:২৪
Picture of Cricket

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং শুভমন গিল (ডান দিকে)। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে গলের পিচ নিয়ে ধন্দে ভারতীয় শিবির। বুধবার শুভমন গিলদের অনুশীলন ছিল না। ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন ‌গৌতম গম্ভীর। পিচ দেখতে গিয়েছিলেন তাঁরা। গম্ভীরেরা হোটেলে ফেরার পর ২২ গজে কাজ শুরু করেন মাঠকর্মীরা।

শেষ মুহূর্তে পিচের চরিত্র বদলের চেষ্টা করছেন গলের মাঠকর্মীরা। গম্ভীরদের পরিদর্শনের সময় অনুশীলন করছিল শ্রীলঙ্কা। আয়োজকদের অনুশীলন দেখার সুযোগ ছিল না। এই অনুসীলন ছিল গোপন (ক্লোজ ডোর অনুশীলন)। দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে গোপন রাখা হয়েছিল অনুশীলন। অল্প সময়ের জন্য ঢুকতে দেওয়া হয় গম্ভীরদের। তখন পিচ ঢাকা ছিল। ঢাকা সরিয়ে পিচ দেখেন গম্ভীরেরা। ভারতীয় দলের কোচ মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর আবার পিচ ঢেকে দেওয়া হয়।

শ্রীলঙ্কার অনুশীলন শেষ হওয়ার পর পিচের পরিচর্যা শুরু করেন মাঠকর্মীরা। তার দু’ঘণ্টা আগে মাঠ ছাড়েন গম্ভীরেরা। গোটা পিচের উপর বেশ কয়েক বার লন মোয়ার চালান তাঁরা। ঘাস ছাঁটার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। অর্থাৎ, পিচের সবুজ বেশ কিছুটা কমানো হয়েছে। তার পর হালকা রোলার ব্যবহার করা হয়। কাজ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রোদ খাওয়ানো হয়েছে পিচকে। তার পর আবার ঢেকে দেওয়া হয়েছে।

আগামী ১৫ অগস্ট থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। পিচের চরিত্র দেখে প্রথম একাদশ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীরেরা। বিশেষ করে বোলিং আক্রমণ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে পিচ। তিন জন জোরে বোলার খেলানো হবে না তিন জন স্পিনারকে প্রথম একাদশে রাখা হবে সেই সিদ্ধান্ত নির্ভর করবে পিচের উপর। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে প্রতিপক্ষের ২০ উইকেট তোলা বড় চ্যালেঞ্জ হতে পারে ভারতের জন্য। তার উপর চিন্তা বাড়িয়েছেন ওয়াশিংটন সুন্দর। তরুণ অলরাউন্ডারকে সম্ভবত দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না। তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা ঝুঁকি নিতে নারাজ।

প্রথম টেস্টের আগে দু’দিন অনুশীলনের সুযোগ পাবেন শুভমনেরা। পিচের চরিত্র প্রতি দিন পরিবর্তন হলে, সমস্যায় পড়বেন তাঁরা। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুশীলন করবে ভারতীয় দল। পিচের পাশাপাশি আবহাওয়ার দিকেও নজর রয়েছে গম্ভীরদের।

India vs Sri Lanka Galle Test Pitch Gautam Gambhir Shubman Gill Indian Cricket team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy