পরের বছর ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা যে বাড়তে চলেছে তার ইঙ্গিত আগেই দিয়েছিল আইসিসি। সেটাই সত্যি হল। ১০ নয়, পরের বছর ১৪টি দেশ বিশ্বকাপে খেলবে। বাড়তে চলেছে ম্যাচের সংখ্যাও। মোট তিনটি পর্বে হবে বিশ্বকাপ। আরও প্রতিযোগিতামূলক করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইসিসি বিশ্বকাপের ফরম্যাট প্রকাশ্যে এনেছে।
সেমিফাইনালের আগে বিশ্বকাপের ম্যাচগুলিকে তিনটি রাউন্ডে ভাগ করা হয়েছে। প্রতিটি দেশকেই আগের চেয়ে বেশি ম্যাচ খেলতে হবে।
প্রথম রাউন্ড
বিশ্বকাপের শুরুটা হবে যোগ্যতা অর্জনকারী ১৪টি দেশের মধ্যে তিনটি সবচেয়ে নীচে থাকা দলের খেলা দিয়ে। এটির নাম দেওয়া হয়েছে ‘সুপার সিরিজ়’। রাউন্ড রবিন ফরম্যাটে তিনটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। যারা সুপার সিরিজ়ের শীর্ষে শেষ করবে, তারা পরের রাউন্ডে চলে যাবে।
দ্বিতীয় রাউন্ড
এই রাউন্ডে থাকছে ৩০টি ম্যাচ। ১২টি দেশ খেলবে। তার মধ্যে একটি হল প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা দেশ। এই রাউন্ডে দু’টি গ্রুপ করা হবে। প্রতিটিতে থাকবে ছ’টি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রতিটি দেশ একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দেশ পরের রাউন্ডে উঠবে। দুই গ্রুপ মিলিয়ে সেরা চতুর্থ স্থানাধিকারী দেশ পরের রাউন্ড, অর্থাৎ ‘সুপার ৭’ পর্বের যোগ্যতা অর্জন করবে।
তৃতীয় রাউন্ড (সুপার ৭)
এই পর্বে ২১টি রাউন্ড রবিন ম্যাচ খেলা হবে। অর্থাৎ সাতটি দেশের প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে এক বার করে খেলবে। পয়েন্টের বিচারে প্রথম চারটি দেশ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।
আরও পড়ুন:
-
পরের বিশ্বকাপে নির্বাসিত হতে পারেন আর্জেন্টিনার ফুটবলারেরা, ফকল্যান্ড-কাণ্ডে কড়া শাস্তি দিতে পারে ফিফা
-
ফিফার বিরুদ্ধে বিদ্রোহ ইউরোপের! বিশ্বকাপ বয়কট করবে স্পেন, ফ্রান্স-সহ ৫৬টি দেশ
-
শহরে খেলতে আসছে ব্রাজ়িল! পাঁচ বারের বিশ্বকাপজয়ীর সঙ্গে খেলবে ভারতীয় দল, জানানো হল যুবভারতীর ম্যাচের তারিখ
-
হুমায়ুনের দেওয়া দেড় কোটির চেক বাউন্স! মহমেডান সভাপতির আশ্বাস, ১০ অগস্টের মধ্যে মিটবে সমস্যা, ক্লাবকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে
সেমিফাইনাল
সুপার ৭-এ প্রথম স্থানে শেষ করা দেশ সেমিফাইনালে খেলবে চতুর্থ স্থানে শেষ করা দেশের সঙ্গে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা দেশ একের অপরের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নামবে। দুই দেশের বিজয়ীর মধ্যে ফাইনাল হবে।
ভারত ক’টি ম্যাচ খেলবে?
ভারত যে হেতু র্যাঙ্কিংয়ে উপরের দিকে রয়েছে, তাই তাদের প্রথম রাউন্ডে খেলতে হবে না। দ্বিতীয় রাউন্ড থেকে খেলবেন শুভমন গিলেরা। দ্বিতীয় রাউন্ড অন্তত পাঁচটি ম্যাচ থাকছে। তৃতীয় রাউন্ড, অর্থাৎ সুপার ৭-এ ভারত খেলবে অন্তত ছ’টি ম্যাচ। এর পর সেমিফাইনাল এবং ফাইনাল। অর্থাৎ ফাইনাল পর্যন্ত উঠলে ভারতকে ১৩টি ম্যাচ খেলতে হবে।