যা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হতে চলেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব খারিজ করে দিল ইউরোপের দেশগুলির ফুটবল সংস্থা উয়েফা। তারা জানিয়েছে, ফিফার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বকাপ বয়কট করবে তারা। যত দিন এই পরিকল্পনার কাজ চালিয়ে যাওয়া হবে, তত দিন ফিফার কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না তারা।
বৃহস্পতিবার ইউরোপীয় দেশগুলির সদস্যেরা একটি অনলাইন বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উয়েফার দাবি, এটি সর্বসম্মত সিদ্ধান্ত। অর্থাৎ কেউ কোনও বিরোধিতা করেননি। উয়েফা একটি বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতা ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সর্বসম্মত এবং দ্ব্যর্থহীন ভাবে খারিজ করে দেওয়া হচ্ছে। যত ক্ষণ এই প্রস্তাবের আলোচনা চালিয়ে যাওয়া হবে, তত দিন উয়েফার অধীনে থাকা জাতীয় দলগুলি ফিফার প্রতিযোগিতায় খেলবে না। ফিফাকে প্রতিশ্রুতি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনও দিন এই ধরনের প্রস্তাব আবার শুরু না করা হয়।
ফিফার আয়োজিত পরবর্তী বিশ্বকাপ রয়েছে পরের বছর। ব্রাজ়িলে আয়োজিত হবে মহিলাদের বিশ্বকাপ। এর পর ২০৩০-এ পুরুষদের ফুটবল বিশ্বকাপ হবে।
উয়েফার মতো কনকাকাফ, অর্থাৎ উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৪১টি দেশও বৃহস্পতিবার বৈঠকে বসছে। সেখানেও সিদ্ধান্ত হয়েছে যাওয়ার কথা। এর আগে কনকাকাফের তরফে ফিফার প্রস্তাবের নিন্দা করা হয়েছিল। বুধবার রাতে কনকাকাফের দেশগুলির বৈঠক হয়। সেখানে পরিকল্পনার প্রক্রিয়া, প্রশাসন এবং কেন ফিফার বাহ্যিক বিনিয়োগ দরকার, এ সব বিষয়ে আলোচনা হয়েছে।
ফিফার পরিকল্পনা
জানা গিয়েছে, ফিফা একটি সংস্থা তৈরি করতে চাইছে। তার নাম ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতা পরিচালনা করবে এই সংস্থা। জিয়ান্নি ইনফান্তিনোদের আশা, সংস্থার অন্তত ২১ শতাংশ মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা যাবে। এতে ফিফার পকেটে ৪০ হাজার কোটি টাকা ঢুকবে। ফিফা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রাম’ নামের একটি প্রকল্প চালু করা হবে। তার মাধ্যমে সরাসরি ওই ৪০ হাজার কোটি টাকা সদস্য দেশগুলির ফুটবল সংস্থাদের পাঠানো হবে।
আরও পড়ুন:
-
শহরে খেলতে আসছে ব্রাজ়িল! পাঁচ বারের বিশ্বকাপজয়ীর সঙ্গে খেলবে ভারতীয় দল, জানানো হল যুবভারতীর ম্যাচের তারিখ
-
হুমায়ুনের দেওয়া দেড় কোটির চেক বাউন্স! মহমেডান সভাপতির আশ্বাস, ১০ অগস্টের মধ্যে মিটবে সমস্যা, ক্লাবকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে
-
বিপক্ষের ফুটবলারের সঙ্গে ইংরেজিতে কথা বলেছেন মেসি! বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়কের অজানা কাহিনি প্রকাশ্যে
বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই বিষয়ে ফিফাকে পরামর্শ দিচ্ছে জেপি মর্গ্যান। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’ সংস্থাটির মাথায় বসতে পারেন জোশুয়া কুশনার। তিনি সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের ভাই।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী চার বছরে ফিফার লাভের পরিমাণ বেড়ে ৯৫,৬৮৫ কোটি টাকা হতে পারে। ফলে প্রতিটি সদস্য দেশ প্রায় ১৯০ কোটি টাকা করে পেতে পারে সেখান থেকে। কিন্তু সবটাই এখনও পরিকল্পনার স্তরে রয়েছে।