নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজ়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচের প্রথম একাদশে জোড়া পরিবর্তন করল ভারত। তবে এই ম্যাচেও জায়গা হল না বৈভব সূর্যবংশীর। ৪-১ ব্যবধানে সিরিজ় জয়ের লক্ষ্যে প্রধানত নিয়মিত প্রথম একাদশ নিয়েই খেলছে ভারত। টস জিতে মিচেল স্যান্টনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন হ্যামিলটনে। ফলে প্রথমে ব্যাট করবে ভারত।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর ভারত প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। মূলত এক দিনের সিরিজ়ের আগে নিয়মিত খেলা কয়েক জনকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পথে হাঁটলেন না গৌতম গম্ভীর, শ্রেয়স আয়ারেরা। জয়ে ফেরার লক্ষ্যে প্রায় নিয়মিত প্রথম একাদশ নিয়েই খেলছে ভারত। তবে সিরিজ়ের প্রথম চারটি ম্যাচে সুযোগ না পাওয়া বরুণ চক্রবর্তীকে খেলাচ্ছেন শ্রেয়সেরা। প্রথম একাদশে ফিরেছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারও।
প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন অক্ষর পটেল এবং ময়ঙ্ক যাদব। জানা গিয়েছিল, এক দিনের সিরিজ়ের আগে বিশ্রাম দেওয়া হতে পারে অর্শদীপ সিংহ, নীতীশ রেড্ডি, ঈশান কিশনকে। কিন্তু তিন জনই খেলছেন রবিবারের ম্যাচে। ফলে গোটা সিরিজ়ে খেলার সুযোগই পেলেন না শিবম দুবে এবং কুলদীপ যাদব।
আরও পড়ুন:
ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নীতীশ রেড্ডি, নমন ধীর, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, বরুণ চক্রবর্তী এবং ভুবনেশ্বর কুমার।