লা লিগায় বড় জয় পেল বার্সেলোনা। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর অ্যালভেসকে ৬-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরল হান্সি ফ্লিকের দল। দু’টি করে গোল করলেন রাফিনহা এবং লামিনে ইয়ামাল। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় আবার শীর্ষে চলে এল বার্সেলোনা।
শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বার্সার ফুটবলারেরা। ৮ মিনিটেই ফেরমিন লোপেজ়ের কাছ থেকে বল পেয়ে রাফিনহা এগিয়ে দেন বার্সেলোনাকে। ২৩ মিনিটে আবার ইয়ামালের পাশ থেকে গোল করে ২-০ করেন ফেরমিন। খেলার সময় যত এগিয়েছে ন্যু ক্যাম্পে বার্সার দাপট তত বেড়েছে। ৪১ মিনিটে বার্সেসোনার পক্ষে তৃতীয় গোল করেন রাফিনহা। এই গোলের ক্ষেত্রেও তাঁকে সাহায্য করেন ফেরমিন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে প্রথম গোল পান ইয়ামাল। তাঁর এই গোল বার্সার পরিকল্পিত আক্রমণের ফসল।
৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের শেষে মাঠ ছাড়ে ফ্লিকের দল। এর পর আর কোণঠাসা অ্যালভেসের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। সুযোগও দেয়নি ফ্লিকের দল। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন ইয়ামাল। এই গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল হয়। ‘ভার’ দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ৮১ মিনিটে বার্সাকে ৬-০ ব্যবধানে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা অ্যান্থনি গর্ডন। এর ৩ মিনিট পর ম্যাচের ব্যবধান কমায় অ্যালভেস। ৮৪ মিনিটে গোল করেন মারিয়ানো দিয়াজ়। তাতে ম্যাচের ফলে কোনও প্রভাব পড়েনি।
আরও পড়ুন:
এই জয়ের পর ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।