ভারতীয় ক্রিকেটার প্রেমা রাওয়াত টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন। মহিলাদের সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে মাত্র ১৪ বলে ৫০ রান করেছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার। ১৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙলেন প্রেমা।
পুণের মাঠে উত্তরাখণ্ডের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন প্রেমা। ১৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ৩৫৭.১৪ স্ট্রাইক রেটে রান করেছেন প্রেমা। মেরেছেন ছ’টি চার ও চারটি ছক্কা। অর্থাৎ, তাঁর ৫০ রানের মধ্যে ৪৮ রান এসেছে বাউন্ডারিতে। আদতে লেগ স্পিনার হলেও তাঁর ব্যাটের হাতও যে ভাল, সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি।
চলতি বছর মে মাসে করাচিতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন ফাতিমা। তার আগে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল নিউ জ়িল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ও ভারতের রিচা ঘোষের। তিন জনই ১৮ বলে অর্ধশতরান করেছিলেন।
আরও পড়ুন:
ভারতের হয়ে চলতি বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন প্রেমা। শ্রেয়াঙ্কা পাটিল চোটে ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছিল তাঁকে। তার আগে ভারত ‘এ’ দলের হয়ে মহিলাদের এশিয়া কাপ রাইজ়িং স্টার প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন প্রেমা। অস্ট্রেলিয়ায় ভারত ‘এ’ দলের হয়ে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
চলতি বছরই ভারতীয় দলে অভিষেক হয়েছে প্রেমার। এখনও পর্যন্ত দেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন প্রেমা। এ বার ব্যাট হাতে দ্রুততম অর্ধশতরান করে ভারতীয় দলে সুযোগ পাওয়ার দাবি আরও জোরালো করলেন তিনি।