আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান করেছেন শ্রেয়স আয়ার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে তাঁর অপরাজিত ১০২ রানে ভর করে জিতেছে ভারত। এই ইনিংসের পুরস্কার পেয়েছেন শ্রেয়স। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ উঠেছেন ভারত অধিনায়ক।
লখনউয়ের মাঠে ৪৩ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন শ্রেয়স। ১০ চার ও ছয় ছক্কার ইনিংসে একাই দলকে জিতিয়েছেন। এই ইনিংসের পর আইসিসি ক্রমতালিকায় সাত নম্বরে উঠে এসেছেন শ্রেয়স।
তালিকায় আগের মতোই এক নম্বরে রয়েছেন ঈশান কিশন। দ্বিতীয় স্থানে অভিষেক শর্মা। তিলক বর্মা রয়েছেন ১০ নম্বর। অর্থাৎ, আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় প্রথম দশে ভারতের চার ব্যাটার রয়েছেন।
এশিয়ান গেমসে দুই ম্যাচে ৫৩ রান করেছে বৈভব সূর্যবংশী। তার ফলে আট ধাপ উঠেছে সে। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ৪৬ নম্বরে রয়েছে ভারতের ১৫ বছর বয়সি ব্যাটার।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের তৃতীয় অধিনায়ক হিসাবে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের পর শতরান করেছেন শ্রেয়স। তবে বাকি দু’জন প্রথম ইনিংসে করেছিলেন। রান তাড়া করতে নেমে শ্রেয়সই ভারতের একমাত্র শতরানকারী অধিনায়ক। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেই রান তাড়া করতে নেমে ৯৪ রান করেছিলেন তিনি।
এশিয়ান গেমসে ২ উইকেট ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট নিয়ে বোলারদের ক্রমতালিকায় ১৬ ধাপ উঠেছেন অক্ষর পটেল। সাত নম্বরে রয়েছেন তিনি।