আরও এক বার ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি ও শুভমন গিল। তাঁদের ১৫১ রানের জুটিতে ভর করে তিরুঅনন্তপুরমে প্রথম এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়েছে ভারত। খেলা শেষে সতীর্থ কোহলিকে নিয়ে চার শব্দ খরচ করলেন ভারত অধিনায়ক শুভমন।
খেলা শেষে এক্স হ্যান্ডলে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন শুভমন। সেখানে কোহলির সঙ্গে তাঁর ছবিও ছিল। ক্যাপশনে শুভমন লেখেন, “ফায়ারি ইনিংস হি কহদে।” বাংলায় অর্থ, “আগুনে ইনিংস অন্তত বলে দিন।” অর্থাৎ, কোহলির এই ইনিংসকে আগুনের সঙ্গে তুলনা করেছেন শুভমন।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২৯৬ রান তাড়া করতে নেমে শুভমন করেন ১১০ রান। তিনি আউট হলেও কোহলি আউট হননি। ৮৮ বলে ১৩৯ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। মাত্র ৪১.৪ ওভারে ভারত জিতে যায়। দ্বিতীয় উইকেটে শুভমন ও কোহলি ১৩২ বলে ১৫১ রানের জুটি বাঁধেন। সেই জুটিই দলকে জয়ে নিয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজ়ের বোলিং নিয়ে ছেলেখেলা করেছেন কোহলি। ছক্কা মেরে অর্ধশতরান করেছেন। ছক্কা মেরে শতরান করেছেন। ছক্কা মেরেই খেলা জিতিয়েছেন। ১০টি চার ও ৯টি বিশাল ছক্কা মেরেছেন তিনি।
আরও পড়ুন:
শুভমন দেখেছেন, এই বয়সেও কী ভাবে খেলা শেষ করছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। তাই কোহলি কবে নিজের কেরিয়ার শেষ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর উপরেই ছেড়েছেন ভারত অধিনায়ক।
শুভমন বলেন, “বিরাট ভাই দুর্দান্ত ব্যাট করেছে। ও খেলা উপভোগ করছে। স্বাধীনতা নিয়ে খেলছে। যখনই ইচ্ছা করেছে বাউন্ডারি মেরেছে। ও ভারতকে কত ম্যাচ জিতিয়েছে। বিরাট ভাই যত দিন চাইবে খেলবে। ওর ভবিষ্যৎ নিয়ে বলার ধৃষ্টতা আমাদের নেই।”